বাংলাদেশবেলা
প্রকাশিত: ১১ জুলাই, ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ণ

আকাশছোঁয়া কাঁচা মরিচের দাম, ক্রেতারা দিশেহারা 

লেখক: নওগাঁ প্রতিনিধি
নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন হাট বাজারগুলোতে কাঁচা মরিচের দাম রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে। গত কয়েকদিন আগে যেখানে কাঁচা মরিচের দাম ছিল কেজি প্রতি ৪০ থেকে ৫০ টাকা, সেখানে শুক্রবার উপজেলা হাট বাজারে একই কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২০০- ২২০ টাকা কেজি দরে। এ নিয়ে স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
কাঁচামাল ব্যবসায়ী চকশিমলা গ্রামের মো. মোস্তফা জানান, গত হাটে কাঁচা মরিচের দাম কেজি প্রতি ৫০ টাকা ছিল, কিন্তু বর্তমানে তা বেড়ে ২০০ টাকা হয়েছে। তিনি আরও বলেন, বাজারে মরিচের সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। আমরা নিজেরাও বেশি দামে কিনে বেশি দামেই বিক্রি করতে বাধ্য হচ্ছি।
একই হাটের আরেক ব্যবসায়ী উত্তর বিল গ্রামের মো. উজ্জ্বল সরদার বলেন, অতিবৃষ্টির কারণে মরিচের উৎপাদন কমে যাওয়া এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ায় দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। এতে সাধারণ ক্রেতারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
বান্দাইখাড়া গ্রামের ক্রেতা মো.আনোয়ার হোসেন তরফদার বলেন, এত বেশি দামে কাঁচা মরিচ কেনা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। আগে যা ৫০ টাকায় এক কেজি কিনতাম, এখন তা ২০০ টাকায় কেজি দরে কিনতে হচ্ছে। এতে পরিবারের খাদ্য ব্যয় বেড়ে গেছে। সরকার বা কর্তৃপক্ষ যেন দ্রুত এই মূল্যবৃদ্ধি রোধে ব্যবস্থা নেয়।
স্থানীয় বাজার মনিটরিং কর্তৃপক্ষ দ্রুত দাম নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও এখনও পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। ক্রেতারা আশঙ্কা করছেন, যদি দাম এমনই বাড়তে থাকে, তবে আগামী দিনে কাঁচা মরিচ সাধারণের ক্রয়সীমার বাইরে চলে যাবে।
এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাকিবুল হাসান বলেন, বাজারে কাঁচা মরিচের দাম বৃদ্ধির বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছি। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে সাধারণ ক্রেতারা স্বস্তিতে পণ্য কিনতে পারেন। বাজার মনিটরিং জোরদার করা হবে এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/07/11/bangladesh/newsid-9448/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৫-০৫-২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ণ