বাংলাদেশবেলা
প্রকাশিত: ০৫ জুলাই, ২০২৫, ০২:৩৬ অপরাহ্ণ

ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে ৬ জনকে বিএসএফের ‘পুশ ইন’

লেখক: ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ‘পুশ ইন’ করা ছয় বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৫ জুলাই) ভোররাত আনুমানিক ৪টা ২০ মিনিটে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বৈরচুনা বিওপির দায়িত্বপূর্ণ ৩৩৬/৬-এস সীমান্ত পিলার বরাবর ভারতের অভ্যন্তর হতে ছয়জনকে বাংলাদেশে পুশ ইন করে বিএসএফ। এ সময় ৪২ বিজিবি টহল দল তাদের আটক করেন।

৪২ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন দু’জন পুরুষ, দু’জন নারী ও দু’জন শিশু।

আটকরা হলেন – নড়াইল জেলার কালিয়া থানার কালডাঙ্গা গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. সজীব হোসেন (৩০), সজীবের স্ত্রী মোছা. খাদিজা খাতুন (৩০), সন্তান মো. ইয়ানুর ইসলাম (৮), মোছা. সাদিয়া খাতুন (১), একই এলাকার সাতবাড়ীয়া গ্রামের সিদ্দিক মোল্লার ছেলে মো. ইকরাম মোল্লা (৩১) ও মেয়ে মোছা. কহিনুর বেগম (৩০)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, তারা প্রায় বছর খানেক আগে দালালের সহায়তায় কাজের সন্ধানে ভারতের মুম্বাইয়ে গিয়েছিলেন। সেখানেই তারা বসবাস করছিলেন। আট থেকে দশ দিন আগে মুম্বাই পুলিশ তাদের আটক করে এবং গত ৪ জুলাই সীমান্ত এলাকায় নিয়ে আসে। এরপর রাতে বিএসএফ তাদের বাংলাদেশে পুশ ইন করে।

আটকদের পরিচয় যাচাইয়ের জন্য আত্মীয়-স্বজনদের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন সনদ সংগ্রহ করা হয়েছে। সেগুলোর ভিত্তিতে তাদের বাংলাদেশি নাগরিকত্ব নিশ্চিত হওয়ায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানায় ছয়জনকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ঘটনার প্রতিবাদে বিজিবি ও বিএসএফ-এর কোম্পানি কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বিজিবি পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তবর্তী এলাকায় সীমান্ত সংক্রান্ত অপরাধ রোধ করতে নিরবিচ্ছিন্নভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিজিবি। সীমান্তে মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে তথ্য প্রদান করে সহায়তা করার জন্য সবাইকে অনুরোধ জানান।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/07/05/bangladesh/newsid-9266/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ০৬-০৬-২০২৬, ০৭:১৭ অপরাহ্ণ