বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘সংকট এখনো কাটেনি। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে এখনো অনেক কাজ বাকি। গণতন্ত্রকে ফিরিয়ে এনে তা সুপ্রতিষ্ঠিত করা, গণতন্ত্রের সৌধ নির্মাণ করা, এ কাজগুলো আমাদের করতে হবে। সুতরাং, আমাদের গণতন্ত্র নির্মাণে তারেক রহমান যে ভূমিকা রাখবেন সে আভাস আমরা পাচ্ছি।’
মঙ্গলবার (১৭ জুন) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় বিএনপির এই নেতা আরও বলেন, ‘পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে এটি সম্ভব হতো না যেটি শেখ হাসিনা করেছেন। প্রকৃত গণতন্ত্র আসলে প্রকৃত ইতিহাস রচনা হবে, প্রকৃত গবেষণা হবে। যে গবেষণার ফলাফল দিয়ে আমরা দেশকে এগিয়ে নিতে পারব।’
তিনি বলেন, ‘গত ১৬ বছর শেখ হাসিনা বিএনপির বিরুদ্ধে ভয়ংকর অপপ্রচার চালিয়েছে। সেই অপপ্রচার বর্তমানেও চলছে।’ এ সময় গণতন্ত্র ফেরাতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।
রিজভী আরও বলেন, ‘ফ্যাসিবাদীদের নির্যাতনের হাত থেকে জোবাইদা রহমানের মতো মানুষও রেহাই পায়নি। একটি প্রখ্যাত পরিবারের সন্তান জোবাইদা রহমান। তাঁর নামে মিথ্যা মামলা দিয়েছে। অথচ তিনি বিনম্র আন্তরিকতার একজন মানুষ, রাজনৈতিক শিষ্টাচার ও সৌজন্যবোধের অনন্য একজন মানুষ। তাঁকেও তাঁরা ছাড় দেয়নি। তাঁকে নানাভাবে হয়রানি করা হয়েছে। মিথ্যা মামলা দেওয়া হয়েছে।’
আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, সহসাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.bangladeshbela.com/2025/06/17/politics/newsid-8629/© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৬-০৬-২০২৬, ০৯:০৯ অপরাহ্ণ