বাংলাদেশবেলা
প্রকাশিত: ১০ জুন, ২০২৫, ০৫:০৯ পূর্বাহ্ণ

ছোটভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় বড়ভাই গ্রেফতার

লেখক: রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর বাঘায় ছোটভাইকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে তার সৎ বড়ভাইকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (৯ জুন) দিনগত রাত সোয়া ১২টার দিকে জেলার গোদাগাড়ী উপজেলার পলাশবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে সংস্থাটি তাকে গ্রেফতার করে। মঙ্গলবার (১০ জুন) সকালে র‌্যাব-৫ রাজশাহীর উপ-অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার ব্যক্তির নাম কামাল হোসেন (৫০)। তিনি বাঘা উপজেলার আরিফপুর এলাকার মৃত নূর মোহাম্মদ ওরফে দুখু মন্ডলের ছেলে। নিহতের নাম ছাদেক আলী (৪৫)। তারা সম্পর্কে আপন সৎ ভাই।

র‌্যাব জানায়, পারিবারিক বিভিন্ন বিষয়ে কামাল ও ছাদেকের সম্পর্কের টানাপোড়েন ছিল। ছাদেক পেশায় একজন ছাগল ব্যবসায়ী ছিলেন। গত ১৩মে বেলা ৩টার সময় নিহত ছাদেক ব্যবসার কাজে চন্ডীপুর বাজারের উদ্দেশ্যে বের হন। পরে তার বাড়িতে আসতে দেরি হলে তিনি কামালের বাসায় আছেন বলে মোবাইলে তার স্ত্রীকে জানান। পরদিন ১৪মে দুপুর দেড়টার দিকে বাঘার বাজুবাঘা ইউনিয়নের একটি আম বাগানে ছাদেকের লাশ পাওয়া যায়।

র‌্যাব আরও জানিয়েছে, ১৩মে রাত সাড়ে ১০টা থেকে পৌনে ১২টার মধ্যে কোনো এক সময় কামাল পারিবারিক বিরোধের জের ধরে ছাদেককে পরিকল্পিতভাবে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর রক্তাক্ত ও জখম করে হত্যা করে। এরপর লাশ সেখানে ফেলে রেখে পালিয়ে যায়। চাঞ্চল্যকর ওই হত্যার ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে বাঘা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব-৫ রাজশাহীর উপ-অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক বলেন, ওই ঘটনায় জড়িত আসামিকে গ্রেফতারের জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং আসামিকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। সোমবার তার অবস্থান জানতে পেরে অভিযান চালানো হয়। অভিযানে হত্যা মামলার এজাহারনামীয় একমাত্র আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন র‌্যাবের এ কর্মকর্তা।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/06/10/bangladesh/newsid-8342/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ০৬-১১-২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ণ