বাংলাদেশবেলা
প্রকাশিত: ০৮ জুন, ২০২৫, ০৩:১৪ অপরাহ্ণ

এমপিকে বিয়ে করছেন রিংকু

লেখক: বাংলাদেশবেলা ডেস্ক

ভারতের মারকুটে ব্যাটার রিঙ্কু সিং। সম্প্রতি আইপিএল শেষ হয়েছে। খেলাধুলার ব্যস্ততা আপাতত নেই। সেই সুযোগে শুভ কাজ সেরে ফেলছেন তিনি। বসছেন বিয়ের পিড়িতে। তবে তিনি নিজে ক্রিকেটার হলে বিয়ে করছেন রাজনীতিবিদের সঙ্গে। একজন সংসদ সদস্যকেই বিয়ে করছেন এই ব্যাটার।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির এমপি প্রিয়া সরোজের সঙ্গে বাগদান পর্ব সেরেও ফেলেছেন রিঙ্কু সিং। আনুষ্ঠানিকভাবে কিছু জানা না গেলেও তাদের বাগদানের ছবি প্রকাশ করেছে ভারতের বিভিন্ন গণমাধ্যম।

আইপিএলে এবার তেমন করে আলোচনায় আসেননি রিঙ্কু। দলগত বাজে পারফরম্যান্সে আগেভাগেই বাদ পড়েছে রিঙ্কুর দল কলকাতা নাইট রাইডার্স। ইংল্যান্ড সফরের টেস্ট দলেও নেই তার নাম। কাছাকাছি সময়ে বাইশ গজের ব্যস্ততা না থাকায় জীবনের নতুন ইনিংস খেলতে নেমেছেন এই ক্রিকেটার।

তবে সংসদ সদস্য প্রিয়ার বাবা তুফানি সরোজ গণমাধ্যমকে জানিয়েছেন, ‘দুই পরিবারের পক্ষ থেকে বাগদানের অনুষ্ঠানটি ঘরোয়া পর্যায়ে রাখা হয়েছে। বাগদানের অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা সবাই একত্রিত হয়েছি। আমরা খুব খুশি।’ অনুষ্ঠানে হাজির হন সমাজবাদী পার্টির নেতা রামগোপাল যাদব। তিনি বলেন, ‘দুজনকে শুভেচ্ছা জানাতে এসেছি। ওরা সুখী হোক।’

বিয়ের অনুষ্ঠান হতে পারে বছরের শেষদিকে। ভারতের আরেকটি সংবাদমাধ্যম জানিয়েছে, ১৮ নভেম্বর বারাণসীর কোনও বড় হোটেলে তাদের বিয়ে। সেখানে চলচ্চিত্র জগতের পরিচিত ব্যক্তি ও রাজনৈতিক মহলের তারকারা উপস্থিত থাকতে পারেন।

দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক প্রিয়া সাংসদ হওয়ার আগে সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন। ২০২২ সালে বাবার নির্বাচনী প্রচারে এসে প্রথম নজর কেড়েছিলেন। এরপর ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তিনি উত্তরপ্রদেশের মছলীশহর কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন। আর রিংকুর গল্প তো সবার জানা। ২০২৩ আইপিএল থেকে রীতিমত উড়ছেন এই ব্যাটার।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/06/08/sports/newsid-8269/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ০৬-১১-২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ণ