ক্রিকেটার তামিম ইকবাল বলেছেন, ‘আমি যদি কখনো ক্রিকেট প্রশাসনে আসি, সঠিক পথ ধরেই আসব এবং শুধুমাত্র ক্রিকেটের ভালোর জন্য আসব। প্রয়োজন হলে কখনো ক্রিকেট বোর্ডে আসব না, তবু আপনাদের সঙ্গে হাত মেলাব না।’ শুক্রবার (৬ জুন) বিকেলে ফেসবুকে পোস্টে তিনি এসব কথা বলেন।
২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে বাজে পারফরম্যান্স করেছিল বাংলাদেশ দল। বিশ্বকাপ ব্যর্থতার পর একটি তদন্ত কমিটি গঠন করে বিসিবি। সেই তদন্ত কমিটির রিপোর্ট নিয়ে সম্প্রতি দেশের একটি গণমাধ্যম প্রতিবেদন করে। যেখানে বলা হয় বিশ্বকাপ চলাকালে নাসুম আহমেদের চড়-কাণ্ডের তথ্য ফাঁসের পেছনে তামিম ইকবালের নাম এসেছে। বলা হয়, তামিম ইকবাল সে সময়ের কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে সরিয়ে দিতে এই কাণ্ডে জড়িয়ে পড়েন। আজ যদিও তিনি ‘চড়কাণ্ড’ বিষয়টি সরাসরি উল্লেখ করেননি।
ফেসবুক পোস্টে তামিম লেখেন, ‘আমি আপনাদের সঙ্গে কখনো হাত মেলাব না! যারা আমার পিছু নিয়েছেন, আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন আমাকে হাত করার জন্য, সেই মানুষগুলোকে বলছি, আমি কখনও আপনাদের সঙ্গে হাত মেলাব না।’
নিজের পক্ষে যুক্তি দেখিয়ে তামিম এরপর বলেন, ‘যারা আমার ভক্ত-সমর্থক ও বাংলাদেশ ক্রিকেটের অনুসারী, তাদের জন্য বলছি, কোনো একজন ব্যক্তির নিজস্ব ধারণা আর তদন্ত রিপোর্টে অভিযুক্ত হওয়া, দুটির মধ্যে ব্যবধান আকাশ-পাতাল। একজন ব্যক্তি তার ব্যক্তিগত ধারণার কথা বলেছেন তদন্ত কমিটিতে। সেটা তার ব্যাপার। সেই ব্যক্তি আগেও একটি টিভি চ্যানেলে আমার বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন, নানা সময়ে নানা কিছু বলেছেন।’
আত্মপক্ষ সমর্থন করে তামিম বলেন, ‘আমি কখনো প্রকাশ্যে তার বিরুদ্ধে কোনো অভিযোগ করিনি। শুধু এটুকু বলছি, তদন্ত কমিটির রিপোর্টে কোনো অভিযোগ আমার বিরুদ্ধে করা হয়নি এবং তথ্য ফাঁস করা সংক্রান্ত কোনো কিছু তারা আমাকে জিজ্ঞাসাও করেননি। আমি তো তখন দলেই ছিলাম না! তদন্ত কমিটির কাছেও একইরকম মনে হলে নিশ্চয়ই তারা একবার হলেও সেই প্রসঙ্গ তুলতেন বা আমাকে জিজ্ঞাসা করতেন!’
শেষে তামিম যোগ করেন, ‘কোনো এক ব্যক্তির নিজস্ব ধারণা আর তদন্ত কমিটির অভিযোগের মধ্যে যে বিশাল ব্যবধান আছে, আশা করি সবাই বুঝতে পারবেন। এই ব্যাপারটিকে যারা ভিন্নভাবে উপস্থাপন করছেন অসৎ উদ্দেশ্য নিয়ে, তাদেরকে আবারো বলছি, আমাকে কোনোভাবেই আপনাদের কাতারে পাবেন না। আমি হাত মেলাব না।’
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.bangladeshbela.com/2025/06/06/sports/newsid-8187/© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ০৬-০৬-২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ণ