বাংলাদেশবেলা
প্রকাশিত: ৩১ মে, ২০২৫, ০২:৪৪ অপরাহ্ণ

রাজশাহীতে জামায়াতের ওয়ার্ড সভাপতি সম্মেলন অনুষ্ঠিত

লেখক: রাজশাহী প্রতিনিধি

রাজশাহীতে জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ মে) নগরীর মুক্তমঞ্চ এলাকার এক মিলনায়তনে জামায়াতে ইসলামীর রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর রাজশাহী জেলা আমির অধ্যাপক আব্দুল খালেক।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জোনের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমির ড. মাওলানা কেরামত আলী এবং সদস্য মো. রেজাউর রহমান। এছাড়া জেলার নায়েবে আমিরবৃন্দ, সহকারী সেক্রেটারিগণ ও কর্মপরিষদের সদস্যরা সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জামায়াত আপোষহীনভাবে কাজ করে যাচ্ছে। আরো সকল কাজ তৃণমূলে বাস্তবায়ন করেন ওয়ার্ড সভাপতিরা। ওয়ার্ড সভাপতিদের দায়িত্ব ও কর্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের উপর সংগঠনের সম্প্রসারণ নির্ভর করে।

তিনি বলেন, ওয়ার্ড দায়িত্বশীলদেরকে ইসলামের দাওয়াত সঠিকভাবে মানুষের নিকট পৌঁছে দিতে নিষ্ঠার সহিত তাদের দায়িত্ব পালন করতে হবে। আগামী দিনে ইসলাম প্রতিষ্ঠার জন্য ওয়ার্ডের দায়িত্বশীলদেরকে এলাকায় জনশক্তি তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

এ সময় জেলা আমির অধ্যাপক আব্দুল খালেক বলেন, হাজারো শহীদের রক্তের বিনিময়ে এদেশের মানুষ নতুন বাংলাদেশ পেয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সৎ ও যোগ্য নের্তৃত্বের মাধ্যমে একটি সুখি সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে চায়, যাতে ১৮ কোটি মানুষ মাথা উঁচু করে দাঁড়াতে পারে। যেখানে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত হবে। দেশের জনগণের প্রয়োজনে সকল আন্দোলন-সংগ্রামে রাজশাহী জেলা জামায়াত অগ্রণী ভূমিকা পালন করেছে। দ্বীন প্রতিষ্ঠা আন্দোলনে ওয়ার্ড নেতৃবৃন্দের ভুমিকার ভুয়সী প্রশংসা করে ও মহান রবের দরবারে শুকরিয়া জানিয়ে আগামী দিনেও জাতির প্রয়োজনে জেলা জামায়াত তার সামর্থ্যের আলোকে সর্বোচ্চ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/05/31/bangladesh/newsid-7986/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৯-০৭-২০২৬, ০৬:০১ অপরাহ্ণ