জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংশোধিত দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্প অনুমোদন পেয়েছে। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও তথ্য প্রকাশনা দফতর হতে ইস্যুকৃত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বুধবার (২৮ মে) পরিকল্পনা মন্ত্রণালয় কর্তৃক প্রকল্পের সরকারি আদেশ (জিও) ইস্যু করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জনগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের আনুমোদন একটি ঐতিহাসিক অর্জন ও যুগান্তকারী অগ্রগতি। জবি কর্তৃপক্ষকে এই দীর্ঘপথে নিরলস সমর্থন দিয়ে যাওয়ায় সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বর্তমান সরকারের সংশ্লিষ্ট সকল বিভাগের সহযোগিতার জন্য এটি সম্ভব হয়েছে। শিক্ষা, পরিকল্পনা ও অর্থ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টাগণের সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা।
এ বিষয়ে দ্বিতীয় ক্যাম্পাসের পরিচালক (বিশ্ববিদ্যালয় হতে নিযুক্ত) ইঞ্জিনিয়ার আমিরুল ইসলাম বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় থেকে জিও এর মাধ্যমে লিখিতভাবে জানানো হবে। এখনো এ সম্পর্কে লিখিত ডকুমেন্ট দেয়নি তবে দ্রুত জানা যাবে।’
এ বিষয়ে ভিসি অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, ‘সবার প্রচেষ্টার ফলে এ সাফল্য এসেছে। শিক্ষকগণসহ কর্মচারী কর্মকর্তারা এখানে অনেক ত্যাগ তিতিক্ষা করেছেন। আমরা সবাই মিলে এই প্রকল্প বাস্তবায়ন করতে পারব, ইনশাআল্লাহ।’