বাংলাদেশবেলা
প্রকাশিত: ২২ মে, ২০২৫, ০৯:৪৩ পূর্বাহ্ণ

আমাদের আরও শিখতে হবে: লিটন

লেখক: বাংলাদেশবেলা ডেস্ক

ইতিহাসে প্রথমবার আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারল বাংলাদেশ দল। বুধবার শেষ টি-টোয়েন্টি ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে লিটন দাসের দল। প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটাররা বড় রান করতে পারেননি। ১৬২ রানের পুঁজি শেষ পর্যন্ত যথেষ্টও হয়নি আরব আমিরাতের সামনে।

পরে ম্যাচ শেষে লিটন বলেন, ‘অবশ্যই আমরা যথেষ্ট ভালো ছিলাম না, এখানে এলে সবসময় ম্যাচ জেতার ভাবনা নিয়ে আসবেন আপনি। এগুলো আসলে জীবনেরই অংশ। যখন আপনি ক্রিকেট খেলবেন, মাঝেমধ্যে প্রতিপক্ষ অনেক ভালো খেলবে। ফলে তাদেরকেও (আমিরাতকেও) কৃতিত্ব দিতে হবে।’

ব্যাটিং ইউনিটের ব্যর্থতাটাই বড় করে দেখছেন লিটন, ‘ব্যাটিংয়ে আমরা কিছু ভুল করেছি। আজকে আমার মনে হয় আমরা পর্যাপ্ত ভালো রান পাইনি যেমনটা এই উইকেট, কন্ডিশনে ৩ ম্যাচ বিবেচনায় আমরা পেতে চেয়েছিলাম। পরে বল করায় শিশিরও একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল।’

সিরিজ থেকে ইতিবাচকতা নিয়ে লিটন বলেন, ‘অবশ্যই পারভেজ (হোসেন) ইমন এবং তানজিদ (হাসান) তামিম (ইতিবাচক ছিল)। কিছু ম্যাচে জাকের (আলী অনিক)-(তাওহিদ) হৃদয়রাও রান করেছে। মাঝের ওভারে কয়েকজন ভালো বল করেছে। তবে আমাদের আরও শিখতে হবে এবং ম্যাচে সেসব কাজে লাগাতে হবে।’

আমিরাতকে নিয়ে লিটন বলেন, ‘তারা আজকে সত্যিই দারুণ খেলেছে। শুরুর দিকে তারা বেশ ভালো বোলিং করায় আমরা বেশি রান করতে পারিনি। ব্যাটিংয়ে তাদের শিশির কিছুটা সাহায্য করেছে হয়ত। তবে তাদের কৃতিত্ব দিতেই হবে। তাদের মধ্যে যে ব্যাট করুক না কেন, কেউই ঘাবড়ে যায়নি।’

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/05/22/sports/newsid-7626/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৭-০৬-২০২৬, ০৭:২৬ অপরাহ্ণ