নাটোরের গুরুদাসপুরে “সোনার বাংলা ফাউন্ডেশন-বাংলাদেশ”,“আগে দেশ”ও “এন্ডার্লি কেয়ার বাংলাদেশ” এর যৌথ উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বাস্থ্য সচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ মে) সকাল ১০টার দিকে উপজেলার খুবজিপুর ইউনিয়নে এন্ডার্লি কেয়ার সেন্টার চত্বরে মরণব্যধি কিডনি রোগ প্রতিরোধ ও প্রবীণ স্বাস্থ্য সেবা প্রদানে করনীয় বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষজ্ঞ ডাক্তারগণের পরামর্শ বক্তব্য শেষে বক্তব্য রাখেন,প্রধান অতিথি বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রালয়ের সচিব মো.সাইদুর রহমান, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো.শাহজাহান, জেলা পুলিশ সুপার মো,আমজাদ হোসেন, ও অবসরপ্রাপ্ত এন.ডি.সি সচিব ও সোনার বাংলা ফাউন্ডেশন বাংলাদেশ এর চিফ অপারেটিং অফিসার হোসনে আরা বেগম।
জেলা পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, আমি নাটোরে এসে স্বাস্থ্য বিভাগের সচিব মো,সাইদুর রহমান স্যারের কথা অনেক শুনেছি। তিনি নিজ এলাকার অসহায় দুঃস্থ গরীব ও প্রবীণ মানুষদের স্বাস্থ্য সেবা প্রদানে “এন্ডার্লি কেয়ার বাংলাদেশ” সেন্টার চালু করেছেন। তিনি প্রবীণদের উদ্দেশ্যে বলেন,মনে রাখবেন জেলা পুলিশ আপনাদের সহায়তায় সবসময়ে পাশে রয়েছে। প্রবীণদের স্বাস্থ্য সেবায় জেলা পুলিশের মেডিকেল ইউনিটের কোন মেডিকেল সহায়তা ও আ্যাম্বুলেন্সের দরকার হলে ব্যবহার করতে পারবেন।
রাজশাহী রেঞ্জের ডিআইজি মো.শাহজাহান বলেন, নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার খুবজিপুর ইউনিয়নে “এন্ডার্লি কেয়ার বাংলাদেশ” নামের প্রবীণ স্বাস্থ্য সেবা কেন্দ্রে ১৮০জন কার্ডধারী সদস্য রয়েছেন। যাদের অধিকাংশেই বয়স একশ ও একশ’র উপরে। তিনি এটা জেনে অভিভূত হয়েছেন। তিনি উপস্থিত প্রবীণদের উদ্দেশ্যে বলেন কোন আইনী সহায়তার প্রয়োজন হলে এখানকার পুলিশকে অবগত করতে বলেন। অসহায় ও প্রবীণ মানুষদের চিকিৎসা সেবা প্রদানে এমন মহতী এ সেবা কেন্দ্রের সাথে জড়িত সকল সংশ্লিষ্ট ব্যক্তি ও কর্মকর্তার সাফল্য কামনা করেন তিনি।
স্বাস্থ্য মন্ত্রালয়ের সচিব মো.সাইদুর রহমান বলেন, মানুষ দিন দিন অলস হয়ে পড়ছেন। যান্ত্রিক নির্ভরতা হয়ে মানুষ কায়িক পরিশ্রম কমে দিয়েছেন। ফলে মানুষের শরীরে নানা রোগ ব্যধি সৃষ্টি হচ্ছে। তাই মানুষকে প্রতিদিন হাঁটার পরামর্শ দেন। তিনি আরও বলেন,মানুষ প্রবীণ হলে বড় অসহায় হয়ে পড়ে। সমাজের এমন অনেক পরিবার রয়েছে যাদের বৃদ্ধ বাবা-মা তাদের সন্তান থেকে বিচ্ছেদ। সন্তানও কোন খোঁজখবর নেন না বৃদ্ধ বাবা-মা’র। অথচ কেউ ভাবে না,সবাইকে একদিন বৃদ্ধ হতে হবে। তাই তিনি প্রত্যেক পরিবারের বৃদ্ধ বাবা ও মায়ের প্রতি শ্রদ্ধাবোধ ও যত্মবান হওয়ার অনুরোধ জানান ।
সভা শেষে দুপুর ১২টার দিকে উপজেলার অসহায় দুঃস্থ,গরীব ও প্রবীণ মানুষদের চিকিৎসা সেবা দেন দেশবরেণ্য বিশেষজ্ঞ ডাক্তারগণ। দিনব্যাপি চলে মেডিকেল ক্যাম্প।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.bangladeshbela.com/2025/05/16/bangladesh/newsid-7407/© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৯-০৪-২০২৬, ০২:১৪ অপরাহ্ণ