বাংলাদেশবেলা
প্রকাশিত: ১৪ মে, ২০২৫, ০৮:১৭ পূর্বাহ্ণ

ব্যারিকেড ভেঙে যমুনার অভিমুখে জবি শিক্ষক-শিক্ষার্থীরা

লেখক: জবি প্রতিনিধি

৭০ শতাংশ আবাসন ভাতা, বাজেটে বরাদ্দ বৃদ্ধি এবং সব প্রকল্পে অগ্রাধিকার দেওয়ার তিন দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনমুখী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা পুলিশি বাধায় পিছু হটে এখন কাকরাইলে অবস্থান করছেন। সেখানে তারা বৃষ্টির কবলে পড়েছেন।

বিকেল পৌনে ৩টার দিকে বৃষ্টি শুরু হয়। তার আগে থেকেই কাকরাইলের প্রধান বিচারপতির বাসভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। সেখানে তারা বৃষ্টির মধ্যেও তাদের দাবির পক্ষে টানা স্লোগান দিচ্ছেন।

এর আগে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে লংমার্চ টু যমুনা শুরু করেন জগন্নাথের শিক্ষার্থীরা। দুপুর ১টার দিকে শিক্ষার্থীদের মিছিলটি কাকরাইল মোড়ে এলে পুলিশ বাধা দেয়। সেখান থেকে আর সামনের দিকে এগোতে দেওয়া হয়নি তাদের। এসময় শিক্ষার্থীরা জোরপূর্বক সামনে অগ্রসর হতে চাইলে তাদের লক্ষ্য করে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ।

পুলিশের বাধায় শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। তাদের অনেকে মৎস্য ভবনের দিকে এবং কাকরাইল মোড়ের দিকে চলে যান। পরে আবার একত্র হয়ে এখন কাকরাইলে অবস্থান করছেন তারা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ঘটনাস্থল থেকে জানান পুলিশের টিয়ারশেলে অন্তত ৫০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/05/14/education/newsid-7367/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৫-০৫-২০২৬, ০৪:৪৬ অপরাহ্ণ