জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জিল্লুর রহমান পল। গত রবিবার (১২ মে) তিনি এই পদে নির্বাচিত হন। পরদিন সোমবার (১৩ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের অনুমোদনের ভিত্তিতে এ নিয়োগ কার্যকর করা হয়েছে।
অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬-এর ২৪ ধারা (৩) উপধারার আলোকে এই নিয়োগ আগামী তিন বছরের জন্য কার্যকর থাকবে। এ সময়ে তিনি বিভাগীয় প্রধান হিসেবে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী নির্ধারিত ভাতা ও অন্যান্য সুবিধা ভোগ করবেন।
ড. জিল্লুর রহমান পল বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম ও চলচ্চিত্র শিক্ষায় সুপরিচিত একটি নাম। বিভাগটির শুরু থেকেই তিনি পাঠদান, গবেষণা ও একাডেমিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। পূর্বে বিভাগীয় নানা প্রশাসনিক দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করায় তাঁর ওপর এই দায়িত্ব অর্পণ করা হয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, ড. পলের নেতৃত্বে ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ আরও সৃজনশীল, গবেষণামূলক ও গতিশীল হয়ে উঠবে। উল্লেখ্য, ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগটি বিশ্ববিদ্যালয়ের নবীন বিভাগগুলোর একটি হলেও ইতোমধ্যে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও গবেষণায় প্রশংসনীয় অগ্রগতি অর্জন করেছে।
ড. পলের নতুন নেতৃত্বে এ ধারা আরও বেগবান হবে বলে প্রত্যাশা করছেন বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা।