বাংলাদেশবেলা
প্রকাশিত: ০৬ মে, ২০২৫, ০৬:৩৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ ইতিহাস ও প্রত্নতত্ত্ব গবেষণা সোসাইটির আত্নপ্রকাশ

লেখক: জবি প্রতিনিধি
বাংলাদেশের ইতিহাস ও প্রত্নতত্ত্ব চর্চায় নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করেছে ‘বাংলাদেশ ইতিহাস ও প্রত্নতত্ত্ব গবেষণা সোসাইটি’ (BHARS) নামে একটি গবেষণা সংগঠন।
সোমবার (৫ মে) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এ কে এম শাহনাওয়াজের তত্ত্বাবধানে এই সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
অনুষ্ঠানে অধ্যাপক ড. শাহনাওয়াজ তাঁর গবেষণা সহকর্মীদের সঙ্গে নিয়ে BHARS-এর প্রথম গবেষণা সাময়িকীর মোড়ক উন্মোচন করেন।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. এ কে এম শাহনাওয়াজ বলেন, “এই সংগঠনের মাধ্যমে আমরা তরুণ গবেষকদের জন্য নতুন জানালা খুলে দিতে চাই। ইতিহাস ও ঐতিহ্য চর্চায় যে শূন্যতা তৈরি হয়েছে, তা পূরণে এই প্রতিষ্ঠান অগ্রণী ভূমিকা রাখবে।”
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, “ভলতেয়ার বলেছিলেন, যে জাতি তার ইতিহাস জানে না, তাদের ভবিষ্যৎও নেই। BHARS দেশের মানুষকে ইতিহাস ও ঐতিহ্য সচেতন করতে নানা কার্যক্রম গ্রহণ করবে বলে আমি আশাবাদী।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং বাংলাদেশ ইতিহাস একাডেমির সভাপতি ড. শরীফ উদ্দিন আহমেদ। তিনি বলেন, “ইতিহাস জানার জন্য কেবল বই পড়া যথেষ্ট নয়, প্রত্নস্থল পরিদর্শন ও সংরক্ষণ জরুরি। প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলো রক্ষায় দুর্নীতির বিরুদ্ধে সক্রিয় হতে হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান এবং কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক।
BHARS ভবিষ্যতে ইতিহাস ও প্রত্নতত্ত্ব গবেষণা, জার্নাল প্রকাশ, কর্মশালা ও মাঠ পর্যায়ের গবেষণামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা হাতে নিয়েছে।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/05/06/education/newsid-7071/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৬-০৫-২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ণ