গাজায় ফিলিস্তিনিদের ওপর চলমান ইসরাইলি হামলা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে নতুন প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়, যা উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সংহতি সমাবেশে পরিণত হয়।
সমাবেশে উপাচার্য বলেন, “গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইল যে বর্বরতা চালাচ্ছে তা মানবতার চরম লঙ্ঘন। নারী, শিশু, বৃদ্ধ—কোনো শ্রেণিই রেহাই পাচ্ছে না। তারা পরিকল্পিতভাবে ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করতে গণহত্যা চালাচ্ছে।” তিনি আরও বলেন, “আমরা সামরিকভাবে জবাব না দিতে পারলেও বর্জনের মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলতে পারি। আমাদের উচিত ইসরাইলি পণ্য বর্জন এবং বিশ্বমঞ্চে তাদের অপরাধ তুলে ধরা।”
তিনি সরকারের প্রতি আহ্বান জানান, ইসরাইলের সঙ্গে যেকোনো চুক্তি পর্যালোচনা করে বাতিল করার এবং ভবিষ্যতে নতুন কোনো সম্পর্ক স্থাপন না করার জন্য। নেতানিয়াহুকে যুদ্ধাপরাধের দায়ে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে বিচারের আওতায় আনারও দাবি জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মিজানুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. শফিকুল ইসলামসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তারা।
সমাবেশের সঞ্চালনায় ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ড. মো. আশরাফুল আলম। উপস্থিত ছিলেন চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. তপন কুমার সরকার, আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমানসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।সমাবেশ শেষে গাজাবাসীর শান্তি ও ইসরাইলি নিপীড়নের অবসান কামনায় দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম মো. আব্দুল হাকিম।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.bangladeshbela.com/2025/04/07/education/newsid-5944/© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৬-০৫-২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ণ