বাংলাদেশবেলা
প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৫, ০৪:৩৭ অপরাহ্ণ

মাছ ধরার বড়শিতে আটকালো আগ্নেয়াস্ত্র, তল্লাশিতে মিলল শটগান

লেখক: নাটোর প্রতিনিধি

নাটোর জেলা প্রশাসকের ডাকবাংলোর পাশের পুকুর থেকে চারটি নতুন শটগানসহ ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) দুপুরে শহরের কান্দিভিটুয়া এলাকা থেকে ডুবুরির সহায়তায় পুলিশ এসব অস্ত্র উদ্ধার করে। উদ্ধার হওয়া অস্ত্রগুলো ‘অবৈধ’ বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

নাটোর সদর থানা সূত্রে জানা যায়, কান্দিভিটুয়া এলাকায় জেলা প্রশাসকের ডাকবাংলো, সাবেক জেলখানা ও সদর থানা এবং সদর হাসপাতালের মাঝখানে তালাবঘাট পুকুর রয়েছে। এই পুকুরে দুই যুবক বড়শি দিয়ে মাছ শিকার করছিলেন। হঠাৎ একজনের বড়শি পানির নিচে আটকে যায়। শিকারি পানিতে নেমে বড়শি ছাড়াতে গিয়ে কম্বলে জড়ানো একটি দোনলা ও একটি একনলা আগ্নেয়াস্ত্র দেখতে পান। ঘটনাটি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে যায়। সন্দেহ হওয়ায় পুলিশ ডুবুরি তলব করে পুকুর তল্লাশি চালায়। এ সময় ওই পুকুর থেকে আরও চারটি নতুন শটগান পাওয়া যায়। পুলিশ জব্দতালিকা তৈরি করে অস্ত্রগুলো সদর থানার হেফাজতে নেয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, অস্ত্রগুলো পরীক্ষা করে এগুলো অবৈধ বলে নিশ্চিত হওয়া গেছে। ধারণা করা হচ্ছে, পরিবর্তিত পরিস্থিতিতে সন্ত্রাসীরা অস্ত্রগুলো পুকুরে ফেলে দিয়ে পালিয়েছে। আরও তদন্ত চলছে। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/03/28/bangladesh/newsid-5565/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ০৬-১১-২০২৬, ১২:২২ অপরাহ্ণ