বাংলাদেশবেলা
প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৫, ০৪:১৬ অপরাহ্ণ

সরকারি চাল চুরির সময় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আটক

লেখক: ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নে দরিদ্রদের জন্য বরাদ্দকৃত সরকারি চাল চুরির সময় হাতেনাতে ধরা পড়েছেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৮ মার্চ) গভীর রাতে।

স্থানীয়রা ইউনিয়ন পরিষদের পাশের গোডাউন থেকে চাল বোঝাই ট্রাক্টর আটক করে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে দরিদ্র ও দুস্থদের জন্য বরাদ্দ করা সরকারি চাল গভীর রাতে ট্রাক্টরে করে অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছিল। ট্রাক্টর চলাচলের শব্দ শুনে স্থানীয় নাইট গার্ডসহ কয়েকজন বাসিন্দা এগিয়ে যান। তারা দেখেন, কয়েকজন লোক ট্রাক্টরে চাল তুলছে। এসময় অন্যরা পালিয়ে গেলেও আমিনুল ইসলামকে আটক করা হয়। উত্তেজিত জনতা তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়।

আটককৃত আমিনুল ইসলাম পশ্চিম বেগুনবাড়ি গ্রামের পাথারুর পুত্র। এছাড়া, পলাতক আসামিদের মধ্যে রয়েছেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মৃত গফুর আহমেদের ছেলে।

ওয়াদুদ হাসান ,সাধারণ সম্পাদক নুরুল আমিন , কৃষক দলের সাংগঠনিক সম্পাদক কামাল ও স্থানীয় বাসিন্দা মৃত নসিরউদ্দিনের ছেলে সুলতান ।
পুলিশ ঘটনাস্থল থেকে চালভর্তি ট্রাক্টরসহ আমিনুল ইসলামকে থানায় নিয়ে যায়।

স্থানীয় এক বাসিন্দার অভিযোগ, বেগুনবাড়ি ইউনিয়নের বিএনপি নেতা হাবিব এই অভিযুক্তদের লালন-পালন করেন।

স্থানীয় বাসিন্দা আব্দুল কালাম বলেন, “এই চাল চুরির ঘটনা নতুন নয়। এর আগেও এমন ঘটনা ঘটেছে। তবে, প্রতিবারই অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এবার হাতেনাতে ধরা পড়ায় আমরা এর সুষ্ঠু বিচার চাই।”

আরেক বাসিন্দা রফিকুল ইসলাম, “গরীবের হক মেরে যারা নিজেদের আখের গোছাতে চায়, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। আমরা চাই, প্রশাসন দ্রুত এর তদন্ত করে বাকি অভিযুক্তদেরও আইনের আওতায় আনুক।”

ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খাইরুল ইসলাম জানান, সরকারি চাল চুরির ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/03/28/bangladesh/newsid-5550/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৬-০৫-২০২৬, ০২:০৪ অপরাহ্ণ