বাংলাদেশবেলা
প্রকাশিত: ১০ মার্চ, ২০২৫, ০৫:২০ অপরাহ্ণ

আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের হুশিয়ারি সুনামগঞ্জের এসপির

লেখক: সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ জেলায় কর্মরত স্থানীয়, জাতীয় প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সুনামগঞ্জের নবাগত পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ বলেছেন, ভালো কাজের প্রশংসা না করলেও সমালোচনা করুন, এতে কাজের ভুল-ত্রুটি শুধরানোর সুযোগ হবে। আমি এ জেলায় যোগদান করেই অবগত হয়েছি দিরাই শাল্লা উপজেলায় কিছু লোক দেশীয় অস্ত্র ব্যবহার করছে।
এ সময় উপস্থিত সাংবাদিকগণ সুনামগঞ্জের জলমহাল, বালুমহাল, সীমান্তে চোরাচালান, সংঘাতপ্রবণ এলাকায় দেশীয় অস্ত্র উদ্ধারে অভিযান, অবৈধ অস্ত্রধারীদের গ্রেফতার, জেলা শহরের ট্রাফিক নিয়ন্ত্রণ, মাদকবিরোধী কার্যক্রম এবং নদীপথে চাঁদাবাজিসহ নানা সমস্যার কথা তুলে ধরে পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন।
এর জবাবে পুলিশ সুপার বলেন, দিরাই ও শাল্লা উপজেলায় যারা দেশীয় অস্ত্র ব্যবহার করেছে তাদেরসহ সকল অবৈধ অস্ত্র ব্যবহারকারী এবং আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে। এসময় তিনি পুলিশকে সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সাংবাদিকদের আহ্বান জানান।
সোমবার (১০ মার্চ) বিকেলে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মতবিনিময় সভার শুরুতেই পুলিশ সুপার উপস্থিত সাংবাদিকদের সঙ্গে পরিচিত হয়ে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে সাংবাদিকদের মতামত ও পরামর্শ মনোযোগ সহকারে শোনেন।
ট্রাফিক নিয়ন্ত্রণের বিষয়ে তিনি বলেন, এটি সহনীয় পর্যায়ে আনতে জেলা পুলিশ সর্বোচ্চ চেষ্টা করবে। এছাড়াও বিশেষ গুরুত্ব দিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হবে বলে সাংবাদিকদের আশ্বস্ত করে পুলিশ সুপার সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা আমাদেরকে সহায়তা করলে, আপনাদের সঙ্গে নিয়ে সুনামগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে ভালো পর্যায়ে নিয়ে আসা সম্ভব হবে।
মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জাকির হোসাইনসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/03/10/bangladesh/newsid-4256/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৫-০৫-২০২৬, ১০:১৩ পূর্বাহ্ণ