দেশের সকল ধর্ষককে বুক পর্যন্ত মাটিতে পুতে পাথর নিক্ষেপ করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদানের দাবি জানিয়েছেন নার্সিং শিক্ষার্থীরা। রোববার (৯ মার্চ) দুপুরে রাজশাহীতে অনুষ্ঠিত বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি থেকে তারা এ দাবি জানান।
নগরীর আমচত্বর এলাকায় রাজশাহী ইসলামী ব্যাংক নার্সিং কলেজের সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীবৃন্দের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে কলেজটির বিএসসি ও ডিপ্লোমা কোর্সের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় তারা ঘটে যাওয়া ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে রাজশাহী-নওগাঁ মহাসড়কে শোডাউন দেন।
মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশন রাজশাহীর ডাইরেক্টর এডমিন ইমাজ উদ্দিন মণ্ডল। এ সময় ইসলামী ব্যাংক নার্সিং কলেজের প্রশাসনিক কর্মকর্তা সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান মিলন, বিএসসি ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী তানভীর আহমেদ ও বিএসসি অষ্টম ব্যাচের শিক্ষার্থী আব্দুল্লাহ আল ফারুকসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। কর্মসূচিতে কলেজটির অধ্যক্ষ মোছা. রওসন আকতারা বেগমসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।
অনুষ্ঠিত এ দিনের ঘণ্টাব্যাপী প্রতিবাদ কর্মসূচি থেকে ধর্ষকের দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির দাবি জানানো হয়। এ সময় নার্সিং শিক্ষার্থীরা বলেন, দেশে উদ্বেগজনকভাবে ধর্ষণসহ বিভিন্ন অপরাধ বেড়েই চলেছে। আমরা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই। পরবর্তীতে যাতে এ ধরণের কর্মকাণ্ড না হয়, সেজন্য সরকার ও প্রশাসনকে অবশ্যই কার্যকারী পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই ধর্ষণের মত গুরুতর অপরাধ যারা করবে, তাদের জনসম্মুখে নিয়ে তৎক্ষণাৎ ইসলামী শরিয়া মোতাবেক বুক পর্যন্ত মাটিতে পুতে পাথর নিক্ষেপ করে হত্যার বিধান চালু করতে হবে।
তারা বলেন, আমরা ইসলামী শরিয়া মোতাবেক এটাই চাই। অন্যথায় ধর্ষণ রোধ করা সম্ভব নয়। মৃত্যুদণ্ডের আইন করলেই তবে এই অপরাধ রোধ করা সম্ভব। দাবির পক্ষে আগামীতেও কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নার্সিংয়ের শিক্ষার্থীরা।
এদিকে, রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরাও একই ইস্যুতে কর্মসূচি পালন করেছেন। বিক্ষোভ, মানববন্ধন, সড়ক অবরোধ ও ক্লাস বর্জনসহ দিনভর নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.bangladeshbela.com/2025/03/09/bangladesh/newsid-4146/© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ০৩-০৫-২০২৬, ১০:১৪ অপরাহ্ণ