বাংলাদেশবেলা
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:০৭ অপরাহ্ণ

আড়াই মাসের শিশু চুরি করে বিক্রি

লেখক: বাংলাদেশবেলা ডেস্ক

শেরপুরে আড়াই মাসের এক শিশু চুরি করে বিক্রি হওয়ার তিন দিন পর বুধবার ভোররাতে টাঙ্গাইল জেলা সদর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় শিশু চুরি ও বিক্রির সঙ্গে জড়িত চক্রের ৪ সদস্যের মধ্যে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। অপর ৩ জন পলাতক রয়েছে।

গ্রেপ্তারকৃত সদস্য সদর উপজেলার লসমনপুর গ্রামের ইজ্জত আলীর স্ত্রী জরিনা (৪৮)। অপর পলাতক ৩ সদস্য হচ্ছেন- জরিনার মেয়ে সাবিনা (২৮), সদর উপজেলার কামারের চর গ্রামের সুলতান মিয়া (৪৫) ও টাংগাইল সদরের এমদাদুল হকের স্ত্রী সানোয়ারা খানম (৩০)।

পুলিশ জানায়, নকলা উপজেলার কুলাদি গ্রামের তানিয়া আক্তার ও লতিফুর রহমান দম্পতির আড়াই মাসের কন্যা শিশু লাবিবাকে ১৫ ফেব্রুয়ারি দুপুরে চিকিৎসার উদ্দেশ্যে নিয়ে আসে শেরপুর শহরের বটতলা এলাকার নিরাপদ ক্লিনিকে। ওই ক্লিনিকে পূর্ব পরিচিত শিশু চোর চক্রের সদস্য জরিনা শিশুটির মাকে বোকা বানিয়ে তার মেয়ে সাবিনার সহায়তায় শিশুটিকে চুরি করে টাঙ্গাইল জেলা সদরের এক নিঃসন্তান দম্পতির কাছে এক লাখ ৮৫ হাজার টাকায় বিক্রি করে দেন।

ঘটনার পর অভিযোগ পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম মামলার তদন্ত কর্মকর্তা আবু সাঈদকে দিয়ে অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল জেলা সদরের একটি বাড়ি থেকে শিশু লাবিবাকে উদ্ধার করে।

এ ঘটনায় শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুবায়দুল আলম বলেন, এ বিষয়ে মামলা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/02/20/bangladesh/newsid-2995/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ০৬-১১-২০২৬, ১১:২৪ পূর্বাহ্ণ