বাংলাদেশবেলা
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:৩২ অপরাহ্ণ

পিকআপে কাভার্ড ভ্যানের ধাক্কায় ৫ জন নিহত

লেখক: বাংলাদেশবেলা ডেস্ক

ফেনীতে পিকআপ ভ্যানে কাভার্ড ভ্যানের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ মাইজবাড়িয়া হাফেজি মাদরাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নির্মাণশ্রমিকদের বহন করা একটি পিকআপ ফেনীর উদ্দেশ্যে আসছিল। পথিমধ্যে মহাসড়কের দক্ষিণ মাইজবাড়িয়া হাফেজি মাদরাসা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাইদুর রহমান বলেন, দুর্ঘটনায় আহত ছয়জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান বলেন, খবর পেয়ে হাইওয়ে থানার পুলিশসহ আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয়রা কয়েকজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন। কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেছেন। এখন মহাসড়কের ঢাকামুখী লেনের একপাশে যান চলাচল করছে।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/02/17/bangladesh/newsid-2684/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ০৬-১১-২০২৬, ১০:১৮ পূর্বাহ্ণ