বাংলাদেশবেলা
প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬, ০১:৩৬ অপরাহ্ণ

অশ্রুসিক্ত ভালোবাসা ও ফুলের শুভেচ্ছায় অধ্যক্ষ শফিকুল ইসলামের বিদায় সংবর্ধনা

লেখক: লালপুর (নাটোর) প্রতিনিধি:

দীর্ঘদিনের কর্মময় জীবনের ইতি টেনে বিদায় নিলেন নাটোরের লালপুর উপজেলার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান লক্ষনবাড়ীয়া চৌমোহিনী উচ্চ বিদ্যালয় অ্যান্ড এসএসসি (ভোকেশনাল) ও বিএম কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম। তাঁর বিদায়বেলায় ফুলের শুভেচ্ছা, ভালোবাসা আর আবেগঘন স্মৃতিচারণে ভারী হয়ে ওঠে সহকর্মীদের হৃদয়। প্রিয় সহকর্মীকে বিদায় জানাতে গিয়ে অনেকের চোখেই ছিল অশ্রুসিক্ত ভালোবাসার ছাপ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে প্রতিষ্ঠানের হলরুমে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি মুস্তাফিজুর রহমান মিলন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক আব্দুল হান্নান।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম, সিনিয়র শিক্ষক জামিরুল ইসলাম, পূর্ণিমা রানী, আরিফুল ইসলাম, মজিবুর রহমান,কুমারী দুলালীসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী।
অনুষ্ঠানে বক্তারা অধ্যক্ষ শফিকুল ইসলামের দীর্ঘ কর্মজীবনের নানা স্মৃতির কথা তুলে ধরেন। তাঁরা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠান শুধু ইট-পাথরের অবকাঠামো নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে মানুষের শ্রম, মেধা, ভালোবাসা ও আত্মত্যাগ। অধ্যক্ষ শফিকুল ইসলাম তাঁর দায়িত্ব পালনকালে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম ও উন্নয়নে যে অবদান রেখেছেন, তা সহকর্মীদের স্মৃতিতে দীর্ঘদিন অমলিন হয়ে থাকবে। বক্তারা তাঁর অবসর-পরবর্তী জীবনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
আলোচনা শেষে তাঁর কর্মময় জীবনের সফলতা এবং আগামী দিনের সুস্থ ও সুন্দর জীবন কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে শিক্ষক ও কর্মচারীরা ফুল দিয়ে প্রিয় অধ্যক্ষকে শুভেচ্ছা জানান। আনুষ্ঠানিক বিদায়ের পর এক ব্যতিক্রমী ভালোবাসার নিদর্শন হিসেবে শিক্ষক ও কর্মচারীরা মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তাঁকে নিজ বাড়িতে পৌঁছে দেন।
বিদায়ের মুহূর্তটি যেন কেবল একজন অধ্যক্ষের কর্মজীবনের সমাপ্তি ছিল না, ছিল দীর্ঘদিনের সহকর্মীদের সঙ্গে গড়ে ওঠা আত্মিক বন্ধন ও অসংখ্য স্মৃতির এক আবেগঘন অধ্যায়ের পরিসমাপ্তি। দায়িত্বের পরিসর থেকে তিনি বিদায় নিলেও সহকর্মীদের হৃদয়ে তাঁর স্থান ও কর্মজীবনের স্মৃতিগুলো থেকে যাবে শ্রদ্ধা ও ভালোবাসায় অমলিন।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2026/11/12/education/newsid-19181/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২২-১১-২০২৬, ১২:৫৯ অপরাহ্ণ