গত ০৩ অক্টোবর ২০২৬ তারিখে ‘বাংলাদেশ বেলা’ পত্রিকায় “সুঁই মাদকসেবীদের প্রাপ্য সেবা না দিয়ে কাগজে- কলমে কার্যক্রম” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সংবাদে মুক্ত আকাশ বাংলাদেশ (ম্যাব)-এর বিরুদ্ধে যে অনিয়ম, যেমন প্রকল্পের নথিতে ভুয়া নাম, মাদক গ্রহণের জন্য অস্তিত্বহীন স্পট বা স্পটে মাদকগ্রহণকারী না থাকা, ও স্বাস্থ্যসামগ্রী আত্মসাতের অভিযোগ করা হয়েছে, তা ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও একপাক্ষিক।
প্রকল্পের উপকারভোগী, স্পট এবং কার্যক্রম সম্পর্কে যথাযথ নথি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য যাচাই না করেই সংবাদটি প্রকাশ করা হয়েছে। বিশেষ করে স্বাস্থ্যসামগ্রী অন্যত্র সরিয়ে নেওয়া বা বিক্রির মতো গুরুতর অভিযোগের কোনো প্রমাণ সংবাদে উপস্থাপন করা হয়নি। প্রকৃতপক্ষে সকল স্পটে তালিকাভুক্ত মাদকসেবী আছে এবং তারা নিয়মিত স্বাস্থ্যসামগ্রী ও অন্যান্য স্বাস্থ্যসেবা যেমন এইচআইভি, হেপাটাইটিস-সি, সিফিলিস পরীক্ষা ও কাউন্সেলিং সেবা পাচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী হাসপাতালে পাঠানো হচ্ছে। এখানে উল্লেখ্য যে, মাদকসেবীদের তালিকাভুক্ত করার সময় তারা একাধিক নাম ব্যবহার করে, কেউ নিজের সঠিক ও কেউ ছদ্মনাম ব্যবহার করে, যাতে এলাকায় তারা কোনো অপবাদ ও বৈষম্য ছাড়া বসবাস করতে পারে। আমরা প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং বস্তুনিষ্ঠভাবে তথ্য যাচাই করে প্রকৃত তথ্য প্রকাশের জন্য সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের প্রতি আহ্বান জানাচ্ছি।
একই সঙ্গে ভবিষ্যতে মুক্ত আকাশ বাংলাদেশ বা এর কোনো প্রকল্প সম্পর্কে সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য ও প্রকল্পের প্রকৃত নথিপত্র যাচাই করার অনুরোধ করছি।
— মুক্ত আকাশ বাংলাদেশ (ম্যাব) কর্তৃপক্ষ
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.bangladeshbela.com/2026/10/06/crime/newsid-19037/© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২২-১০-২০২৬, ০৬:২৪ অপরাহ্ণ