বাংলাদেশবেলা
প্রকাশিত: ১৭ মে, ২০২৬, ০৫:১৬ অপরাহ্ণ

বৈধ কাগজ থাকলেও মিলছে না জমির দখল, সংবাদ সম্মেলনে অভিযোগ

লেখক: লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে বৈধভাবে ক্রয় করা জমির দখল না পাওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী খায়রুল ইসলাম। রোববার দুপুরে উপজেলার গোপালপুর মডেল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
লিখিত বক্তব্যে খায়রুল ইসলাম বলেন, উপজেলার চককামারহাটি মৌজার ৪৭ ও ৪৮ নম্বর খতিয়ানের ৩৫, ৮২, ১৩১, ১৬১ ও ৪ নম্বর দাগে মোট ১০৩ শতাংশ জমি তিনি এলাহী প্রামানিক, দেরাজ ও জামাল উদ্দিনের ওয়ারিশদের কাছ থেকে বৈধভাবে ক্রয় করেন। জমি ক্রয়ের সকল বৈধ কাগজপত্র তাঁর কাছে রয়েছে বলেও তিনি দাবি করেন।
তবে জমি কেনার পরও স্থানীয় কয়েকজন ব্যক্তি জোরপূর্বক জমিটি দখল করে রেখেছেন বলে অভিযোগ করেন তিনি। অভিযুক্তরা হলেন—চংধুপইল ইউনিয়নের চককামারহাটি গ্রামের বিরাজ উদ্দিনের ছেলে আশরাফ হোসেন (৪০), মৃত রাহাত উল্লাহর ছেলে রফিক হোসেন (৫৫), রসুল উদ্দিন (৪৪) এবং মৃত ওয়াজ উদ্দিনের ছেলে জালাল উদ্দিন (৬০)।
খায়রুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে তিনি ৩ নম্বর চংধুপইল ইউনিয়ন গ্রাম আদালতে অভিযোগ দায়ের করেন। পরে গ্রাম আদালত অভিযুক্তদের ২৫ হাজার টাকা জরিমানা করেন। কিন্তু এরপরও তাঁরা জমির দখল ছাড়েননি। বরং জমিতে চাষাবাদ করতে গেলে তাঁকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও জানান, এ ঘটনায় লালপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর-১৪৭০, তারিখ-২৮ নভেম্বর ২০২৫।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি ও আমার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছি। অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং আমার বৈধভাবে ক্রয় করা জমি বুঝে পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।”

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2026/05/17/bangladesh/newsid-18768/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৪-০৫-২০২৬, ১১:৩২ অপরাহ্ণ