বাংলাদেশবেলা
প্রকাশিত: ০৪ মে, ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ণ

সিংড়ায় মৎস্য ব্যবসায়ী হত্যা, স্ত্রী-ছেলে আটক

লেখক: হাসিবুল হাসান শিমুল, সিংড়া (নাটোর)

নাটোরের সিংড়া উপজেলায় এক মৎস্য ব্যবসায়ীকে গলা কেটে হত্যার অভিযোগে তাঁর স্ত্রী ও ছেলেকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার ইটালী ইউনিয়নের বিষ্ণপুর গ্রামে নিজ বাড়ির শয়নকক্ষ থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

নিহত রফিকুল ইসলাম (৪৫), যিনি রুবেল নামেও পরিচিত, একই গ্রামের মৃত কেরামত আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে পরিবারের সদস্যদের অসংগত আচরণে সন্দেহ হলে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিহতের স্ত্রী শিউলি বেগম ও ছেলে সাইফুদ্দিন সিদ্দিক (রয়েল) হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির পাশের পুকুর থেকে হত্যায় ব্যবহৃত একটি ধারালো দা এবং রক্তাক্ত কাপড় উদ্ধার করা হয়েছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বিস্তারিত তদন্ত চলছে।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রতিবেশী জানান, দীর্ঘদিন ধরে পরিবারটিতে অশান্তি চলছিল। নিহত ব্যক্তি মাদকাসক্ত ছিলেন এবং প্রায়ই স্ত্রীকে মারধর করতেন বলে অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2026/05/04/bangladesh/newsid-18754/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ০৯-০৫-২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ণ