রাজধানীর ফার্মগেটে আনন্দ সিনেমা হলের সামনে পড়ে থাকা সেই কালো ব্যাগ থেকে তিনটি ককটেল বোমা উদ্ধার করা হয়েছে। পরে সেগুলো নিষ্ক্রিয় করে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট।
শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে সিনেমা হলের পশ্চিম পাশের লেগুনাস্ট্যান্ড থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।
এর আগে শনিবার সকালে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কলে পাওয়া সংবাদের ভিত্তিতে শেরেবাংলা নগর থানা পুলিশ জানতে পারে ফার্মগেট এলাকার আনন্দ সিনেমা হলের সামনের ফুটপাতে একটি কালো রঙের ব্যাগে তিনটি ককটেল সদৃশ বস্তু রয়েছে। পরে থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থল ও এর আশেপাশের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে।
সন্ত্রাসবাদ ও আন্তর্জাতিক অপরাধ মোকাবিলায় গঠিত ডিএমপির বিশেষ শাখা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) সূত্রে জানা যায়, বোমা সদৃশ বস্তু পাওয়ার বিষয়টি শেরেবাংলা নগর থানা পুলিশ সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানায়। পরে তাদের বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি চৌকস দল দ্রুত ঘটনাস্থলে যায়। পরে দুপুর আড়াইটার দিকে পুরাতন বাণিজ্য মেলা মাঠে সেগুলো যথাযথ প্রক্রিয়ায় সফলভাবে নিষ্ক্রিয় করে।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মোহাম্মদ তালেবুর রহমান।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.bangladeshbela.com/2025/02/09/bangladesh/newsid-1868/© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৬-০৮-২০২৬, ০১:১৬ পূর্বাহ্ণ