অধ্যক্ষ নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন রাজশাহী নার্সিং কলেজের (আরএনসি) শিক্ষার্থীরা। রোববার (১৯ এপ্রিল) সকালে কলেজ প্রাঙ্গণে দ্বিতীয় দিনের মতো এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এদিনও কর্মসূচিতে সংহতি প্রকাশ করে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের শিক্ষার্থীদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স’। এতে সংগঠনটির সাবেক সহ: সাংগঠনিক সম্পাদক ইকবাল মাহমুদ, সদস্য তানজিদ হাসান এবং মেহেদি হাসানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
স্টুডেন্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি রাশিদুল ইসলাম জানান, প্রায় তিন মাস ধরে অধ্যক্ষ না থাকায় প্রতিষ্ঠানের ও শিক্ষার্থীদের অনেক ক্ষতি হচ্ছে। দ্রুত অধ্যক্ষ নিয়োগ না দিলে তারা লাগাতার কর্মসূচিতে নামবেন। এ সময় শিক্ষার্থীরা দাবির পক্ষে নানা স্লোগান দেন।