বাংলাদেশবেলা
প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২৬, ০১:৫৫ অপরাহ্ণ

জোড়া ফিফটিতেও হেরে গেল বাংলাদেশ

লেখক: বাংলাদেশবেলা ডেস্ক

সাইফ হাসান, লিটন দাসের পর তাওহীদ হৃদয়ের ব্যাটে বাংলাদেশ বেশ ভালো অবস্থানে ছিল। কিন্তু আফিফ হোসেন বিদায় নেওয়ার পর ধস দেখে স্বাগতিকরা। তাতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২৬ রানে হেরে গেল বাংলাদেশ। আগে ব্যাটিংয়ে নেমে কিউইরা হেনরি নিকলস ও ডিন ফক্সক্রফটের ফিফটিতে ৮ উইকেটে ২৪৭ রান করেছিল।

ডেথ ওভারের শুরুতে দলীয় ১৮৪ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। তারপর ব্লেয়ার টিকনারের তোপ। এই পেসার তার শেষ তিন ওভারে চার উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের আশা শেষ করে দেন।

১০ ওভারে ৪০ রান দিয়ে চার উইকেট নেন টিকনার। শেষ জুটিতে হৃদয় ছক্কা মেরে ৫৮ বলে ফিফটি করেন। কিন্তু দলকে জেতানোর জন্য তার ইনিংস যথেষ্ট ছিল না। ৪৯তম ওভারের দ্বিতীয় বলে তিনি ক্যাচ হন। ৩৭ রানে শেষ ৬ উইকেট হারাল বাংলাদেশ। ২৪৮ রানের লক্ষ্যে নেমে ২২১ রানে থেমে যায় ইনিংস।

বাংলাদেশ ২৪৮ রানের লক্ষ্যে নেমে শুরুতে বিপদে পড়ে। ২১ রানের মধ্যে তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত আউট হন। সেখান থেকে দলকে টেনে তোলেন সাইফ ও লিটন। ৯৩ রানের জুটি গড়ার পথে সাইফ পঞ্চাশ ছুঁলেও তার পথে হাঁটতে গিয়ে হোঁচট খান লিটন। দুজনের বিদায়ের পর হৃদয় ও আফিফ হোসেনের জুটিতে জয়ের পথে ছুটছিল বাংলাদেশ।

৭৯ বলে ৫২ রানের জুটি ভাঙার পর দ্রুত উইকেট হারাতে থাকে বাংলাদেশ। টিকনার ৪১তম ওভারে আফিফকে ২৭ রানে উইলিয়াম ও’রোর্কের ক্যাচ বানান। তখন বাংলাদেশের প্রয়োজন ছিল ৫৭ বলে ৬৪ রান, হাতে ৫ উইকেট।

দুই ওভার পর টিকনার বল নিয়ে মেহেদী হাসান মিরাজকে থামান মাত্র ৪ রানে। টম ল্যাথামের ক্যাচ হন মিরাজ। এই পেসার তার পরের ওভারের শেষ তিন বলে রিশাদ হোসেন (৪) ও শরিফুল ইসলামকে খালি হাতে আউট করে ম্যাচ ঘুরিয়ে দেন।

চার ওভারে ৩৫ রান দরকার ছিল বাংলাদেশ। ৮ উইকেট হারানোর পর সেই চাপ আর নিতে পারেনি স্বাগতিকরা। সেই প্রয়োজন মেটাতে পারেনি তারা। বরং টিকনারের শেষ ওভারে তাসকিন আহমেদ (২) বিদায় নেন। ৪৯তম ওভারের প্রথম বলে হৃদয় ছক্কা মেরে ফিফটি করলেও দুই বল পর তাকে সাজঘরে ফিরতে হয় নিকলসের ক্যাচ হয়ে। স্মিথ তাকে ফেরান ৫৫ রানে। ৬০ বলের ইনিংসে ছিল দুটি করে চার ও ছয়।

টিকনারের সঙ্গে স্মিথ তিনটি উইকেট নিয়ে কার্যকরী ভূমিকা রাখেন।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2026/04/17/sports/newsid-18558/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ১৭-০৪-২০২৬, ০৭:৫৬ অপরাহ্ণ