বাংলাদেশবেলা
প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২৬, ০১:২০ অপরাহ্ণ

পাকিস্তানের মধ্যস্থতায় ফের আলোচনায় ইরান-যুক্তরাষ্ট্র

লেখক: বাংলাদেশবেলা ডেস্ক

ইসলামাবাদে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। দেশটির দু’টি উচ্চপর্যায়ের সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি এবং ভারতীয় বার্তাসংস্থা পিটিআই।

পাকিস্তানের একটি সূত্র এ প্রসঙ্গে আনাদোলু এজেন্সিকে বলেছে, “আমরা মঙ্গলবার থেকেই প্রস্তুতি শুরু করেছি। মূলত নিরাপত্তা ব্যবস্থা নিশ্ছিদ্র করার দিকেই মনযোগ দেওয়া হচ্ছে।”

সূত্রের বরাতে আরও জানা গেছে, গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের সেনা ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির যে তেহরান সফরে গিয়েছিলেন, সেটিও ছিলো সেই প্রস্তুতিরই অংশ।

ইরানের পরমাণু প্রকল্প ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে বিরোধের জেরে গত ২৮ ফেব্রুয়ারি থেকে টানা ৪০ দিন যুদ্ধের পর ৮ এপ্রিল ১৪ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র ও ইরান। শুরু থেকেই এ যুদ্ধের প্রধান মধ্যস্থতাকারী ছিল পাকিস্তান।

একটি স্থায়ী শান্তিচুক্তি স্বাক্ষর করতে বিরতির তৃতীয় দিনে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সংলাপে বসেন মার্কিন ও ইরানি প্রতিনিধিরা; কিন্তু টানা ২১ ঘণ্টা আলোচনার পরও চুক্তি স্বাক্ষর হয়নি।

ইসলামাবাদে সংলাপ ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় দফা সংলাপের ব্যাপারে কথাবার্তা শুরু হয়। যুক্তরাষ্ট্র ও ইরান উভয়েই জানায়, তারা দ্বিতীয় দফায় সংলাপে বসতে আগ্রহী এবং সেই সংলাপের ভেন্যু হিসেবে ইসলামাবাদ যেতে তাদের আপত্তি নেই।

তারপর থেকেই দ্বিতীয় দফা সংলাপের জন্য প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান।

সূত্র : আনাদোলু এজেন্সি, পিটিআই

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2026/04/17/world/newsid-18546/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ১৭-০৪-২০২৬, ০৭:৫৪ অপরাহ্ণ