বাংলাদেশবেলা
প্রকাশিত: ০৪ এপ্রিল, ২০২৬, ০২:৫২ অপরাহ্ণ

রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্রকে রক্ষা করতে হবে: হুইপ দুলু

লেখক: নিজস্ব প্রতিবেদক

রক্তের বিনিময়ে অর্জিত এই গণতন্ত্রকে রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের সরকারি দলের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, ‘দীর্ঘ ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলন এবং জনগণের ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব হয়েছে।’

শনিবার (৪ এপ্রিল) সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবে নাটোর জেলা সাংবাদিক সমিতি, ঢাকার (নাজেসাস) উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হুইপ বলেন, ‘বর্তমান সরকার জুলাই সনদকে ধারণ করে সংস্কারের পক্ষে। সংসদীয় বিতর্কের মাধ্যমে প্রয়োজনীয় সংস্কার করা সম্ভব হবে। জনগণের ভোটের অধিকার এবং বাক স্বাধীনতা রক্ষায় বর্তমান সরকার সচেষ্ট।’

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, একটি ছোট সুপারিশও একজন মানুষের জীবন বদলে দিতে পারে।

তিনি একটি কিডনি রোগীর উদাহরণ দিয়ে হুইপ দুলু বলেন, তার সুপারিশে চিকিৎসার সুযোগ পেয়ে ওই ব্যক্তি বেঁচে যান। তাই আমি বিশ্বাস করি মানুষের দোয়াই আমাকে টিকিয়ে রেখেছে।

নাটোর জেলার উন্নয়ন নিয়ে নিজের পরিকল্পনার কথাও তুলে ধরেন বিএনপির এই নেতা। তিনি জানান, নাটোরে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে কয়েকটি বড় শিল্পগোষ্ঠীর সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

এছাড়া প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে দুলু বলেন, যেখানে থাকুন না কেন, নাটোরের মানুষের জন্য দরজা ২৪ ঘণ্টা খোলা রাখতে হবে। আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে সাধারণ মানুষের সেবা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

গণতন্ত্রের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে অর্জিত গণতন্ত্রকে রক্ষা করতে হবে। এ জন্য সব রাজনৈতিক দল ও জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোর-৩ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু, নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ, একুশে পদকপ্রাপ্ত ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক ড. আব্দুস সাত্তার, নাটোর জেলা সমিতি, ঢাকার নবনির্বাচিত সভাপতি আহসান খান চৌধুরী সানী ও সাধারণ সম্পাদক মোতাকাব্বীর আহমেদ রাজুকে গুনী সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে মডারেটর ছিলেন সাবেক স্বাস্থ্য সচিব সাইদুর রহমান।

নাটোর জেলা সাংবাদিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামছুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব (অব) বজলুর রহমান, নাটোর জেলা সমিতি ঢাকার কার্যকরী সভাপতি খন্দকার আবুল কাশেম, সাবেক অতিরিক্ত সচিব সিদ্দিকুর রহমান, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত সচিব সাইফুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (এডমিন) ডা. সোহেল আহমেদ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. মহিউদ্দিন খান, বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক মির্জা মোহাম্মদ তারেক আলী, নাটোর জেলা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল মান্নাফ, জেলা ও দায়রা জজ (অবসরপ্রাপ্ত) মাহবুবুর রহমান, নাটোরের সিনিয়র সাংবাদিক রেজাউল করিম খান, ইউনুস গ্রুপের পরিচালক কামরুল ইসলাম, নাটোর জেলা সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও কালবেলার উপসম্পাদক দীপঙ্কর লাহিড়ী, মিরপুর সাইন্স কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন রিপন, দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে নাজেসাসের সহ সভাপতি নাজমুস সাকিব (স্টার নিউজ টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক মাহি মাহফুজ (যমুনা টিভি), প্রচার সম্পাদক কামাল হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আতোয়ার হোসেন (মাই টিভি), কার্যনিবার্হী পরিষদের সদস্য রেজাউল করিম শামীম (স্টার নিউজ টিভি) ও রবিউল ইসলাম আওলাদ (সময় টিভি) উপস্থিত ছিলেন।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2026/04/04/national/newsid-18200/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৫-০৫-২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ণ