বাংলাদেশবেলা
প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৬, ০২:৪৫ অপরাহ্ণ

স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী

লেখক: বাংলাদেশবেলা ডেস্ক

স্কুল ভর্তিতে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (১৬ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

আগামী বছর থেকে স্কুলে ভর্তির বিদ্যমান লটারি প্রথা থাকবে না জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘সামনের বছর থেকে ভর্তিতে লটারি তুলে দেওয়া হলো। খুবই সাধারণ উপায়ে পরীক্ষা হবে। কোনো প্রতিযোগিতা আনব না। লটারি কোনো শিক্ষাব্যবস্থায় থাকতে পারে না। বহুদিন ধরে গবেষণা করে এ সিদ্ধান্ত। অংশীজনদের সঙ্গে আলোচনা করা হয়েছে, সামনেও আলোচনা করা হবে।’

তিনি আরও বলেন, ‘আমি একদিন আগে সংসদে বলেছি অংশীজনদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে কীভাবে ভর্তি পদ্ধতি নির্ধারণ করা হবে। সেটা বহাল রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত সেভাবেই হবে।’

মন্ত্রী বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে লটারি অনেকটা জুয়া খেলা, ভর্তিতে লটারি কোনো ব্যবস্থা হতে পারে না। ভর্তি পরীক্ষা নিয়ে কেউ কোচিং বাণিজ্য করতে চাইলে সরকার বসে থাকবে না। সরকার ইনহাউজ কোচিংয়ের ব্যবস্থা করবে।’

এর আগে সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চেয়ারম্যানের নাম ঘোষণাসহ ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যদের (ভিসি) নাম ঘোষণা করেন শিক্ষামন্ত্রী।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2026/03/16/national/newsid-17747/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৯-০৪-২০২৬, ০৭:০০ পূর্বাহ্ণ