বাংলাদেশবেলা
প্রকাশিত: ২৩ জানুয়ারী, ২০২৬, ০১:১৪ অপরাহ্ণ

চাঁদাবাজ-ভূমিদস্যুদের প্রতিহত করতে হবে: নাহিদ

লেখক: বাংলাদেশবেলা ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগামী নির্বাচনে চাঁদাবাজ, ভূমিদস্যুদের প্রতিহত করতে হবে। ঢাকা ১১ আসনে কোনও চাঁদবাজ, ভূমিদস্যুর স্থান হবে না। শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানীর ভাটারার বাঁশতলায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত গণমিছিলের আগে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে ১০ দলীয় জোটের গণজোয়ার দেখে একটি বড় দল ভয় পেয়েছে। তারা জনগণের মধ্যে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, আতঙ্ক ছড়াচ্ছে।

নাহিদ ইসলাম আরও বলেন, যারা ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা করছেন, তারা যেন সেই স্বপ্ন ভুলেও না দেখেন। আমরা প্রতিটি ভোটকেন্দ্র পাহারা দেব। বিজয় ছিনিয়ে নিয়ে বাড়ি ফিরব। আমরা বন্দুকের গুলি খেয়েও পিছু হটিনি, কেন্দ্র থেকেও পিছু হটব না।

তিনি বলেন, আমরা গণঅভ্যুত্থান করেছি এক ফ্যাসিবাদকে তাড়িয়ে অন্য ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার জন্য নয়। ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্যই এত এত মানুষ জীবন দিয়েছেন।

এনসিপি আহ্বায়ক বলেন, ঢাকা-১১ আসন নানা সমস্যায় জর্জরিত। এ এলাকার ট্রাফিক সমস্যা, চাঁদাবাজ ও ভূমিদস্যু রয়েছে। আমরা সরকার গঠন করে এগুলো মুক্ত করব।

সমাবেশ থেকে সারা দেশে ১০ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’তে ভোট দেওয়ার আহ্বান জানান নাহিদ।

এসময় তিনি আরও বলেন, জনগণ নিজে ভোটকেন্দ্র পাহারা দেবে এবং তাদের প্রকৃত প্রতিনিধিকে বিজয়ী করবে। এবারের নির্বাচনে তারা পরিবারতন্ত্র, বৈষম্য ও দুর্নীতিকে ‘না’ বলবে এবং ইনসাফ, সুশাসন ও প্রকৃত গণতন্ত্রকে ‘হ্যাঁ’ বলবে। নির্বাচনের সময় ঘরে ঘরে মানুষের আস্থা অর্জন এবং ভোটের দিন সবাইকে কেন্দ্র পর্যন্ত নিয়ে আসার আহ্বান জানান এনসিপি আহ্বায়ক।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2026/01/23/politics/newsid-16308/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৯-০৪-২০২৬, ১০:১৩ পূর্বাহ্ণ