বাংলাদেশবেলা
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৮ পূর্বাহ্ণ

জামালপুরে মির্জা আজমের বাড়ি ভাঙচুর

লেখক: জামালপুর প্রতিনিধি

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজমের বাড়িতে আগুন এবং ভাঙচুর চালানো হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুর শহরে তার বাসভবনে এ ঘটনা ঘটে। দ্বিতল বাসভবনের মূল ফটক ও দেওয়াল ভাঙতে বিকেল থেকেই বুলডোজার পাঠানো হয়। ভারতে অবস্থানরত শেখ হাসিনার লাইভ বক্তব্যকে কেন্দ্র করে মির্জা আজমের বাড়িতে আগুন-ভাঙচুর এবং একই জেলায় অভিনেত্রী শাওনের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

এর আগে ৫ আগস্টও স্বৈরাচার পতনের পর মির্জা আজমের বাসভবনে অগ্নিসংযোগ করা হয়েছিল। মির্জা আজম কেন্দ্রীয় যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনে ১৯৯১ সাল থেকে টানা সাতবার এমপি নির্বাচিত হন। ইতোপূর্বে তিনি হুইপ এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তার বিরুদ্ধে সরকারি উন্নয়ন প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ রয়েছে। হাসিনার পতনের পর থেকেই তিনি সপরিবারে লাপাত্তা।

জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাস জানিয়েছেন, ‘শেখ হাসিনার লাইভ বক্তব্যের প্রতিক্রিয়া হিসেবে মির্জা আজমের বাড়িতে বিক্ষুব্ধ লোকজন ভাঙচুর এবং আগুন দেয়।’ তবে তারা এ ঘটনা নিবৃত্ত করার চেষ্টা করেছেন বলেও তিনি জানিয়েছেন।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/02/07/bangladesh/newsid-1605/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৭-০৮-২০২৬, ১০:৫২ পূর্বাহ্ণ