গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় সাবেক আওয়ামী লীগ নেতা মোঃ জাহিদুল ইসলাম তাঁর রাজনৈতিক সম্পৃক্ততা সম্পূর্ণভাবে অস্বীকার করে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। তিনি জানান, বর্তমানে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন এবং ভবিষ্যতেও রাজনীতিতে ফেরার কোনো পরিকল্পনা বা ইচ্ছা তাঁর নেই।
রোববার দুপুর ২টায় টুঙ্গিপাড়া উপজেলা প্রেস ক্লাবে এক লিখিত বক্তব্যে জাহিদুল ইসলাম বলেন, অতীতে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের টুঙ্গিপাড়া পৌর শাখার ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করলেও বর্তমান কমিটিতে তাঁর কোনো পদ বা সংশ্লিষ্টতা নেই। বর্তমানে তিনি একজন ব্যবসায়ী হিসেবে পেশাগত কর্মকাণ্ডে নিয়োজিত রয়েছেন বলেও উল্লেখ করেন।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে রাজনৈতিকভাবে জড়িত প্রমাণের চেষ্টা করছে এবং নানাভাবে হয়রানি করছে। এসব অভিযোগকে ভিত্তিহীন দাবি করে তিনি বলেন, জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা রোধ করতেই সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরছেন।
তিনি আরও বলেন, আমি বর্তমানে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নই এবং ভবিষ্যতে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার কোনো ইচ্ছা বা পরিকল্পনা আমার নেই।
এ সময় তিনি সুষ্ঠু, নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে টুঙ্গিপাড়া উপজেলা প্রেস ক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.bangladeshbela.com/2025/12/28/bangladesh/newsid-15401/© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ০২-০৬-২০২৬, ০৭:০৯ অপরাহ্ণ