বাংলাদেশবেলা
প্রকাশিত: ০৩ ডিসেম্বর, ২০২৫, ০৪:২৭ অপরাহ্ণ

ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ

লেখক: রাজশাহী প্রতিনিধি
রাজশাহীতে মো. সাদ (১০) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) দুপুর পৌনে একটার দিকে নগরীর লিলি হল মোড়ে এ ঘটনা ঘটে। ঘটনার পর সেখানে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা। আরএমপির কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শিশু সাদের পিতার নাম লিয়াকত আলী লিটন। তার বাসা লালমনিরহাট জেলায়। রাজশাহীতে ভাড়া থাকতেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই ছেলেকে স্কুল থেকে মোটরসাইকেলে করে বাসায় নিয়ে যাচ্ছিলেন লিটন। লিলি হল মোড়ের কাছে দ্রুতগামী একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই সাদ নিহত হয়। তার বাবা ও এক ভাই আহত হন।
স্থানীয়রা বলেন, আমরা সড়ক অবরোধ করেছি। এখানে আমরা সবসময় ট্রাফিক পুলিশ ও গোল চত্বর চাই। এর আগেও প্রায় এখানে দুর্ঘটনা ঘটেছে। এটা ঝুঁকিপূর্ণ জায়গা। তাই দাবি না মানলে সড়ক ছাড়া হবে না।
কাশিয়াডাঙ্গা থানার ওসি আজিজুল বারি বলেন, আমরা ঘটনাস্থলে এসে সড়ক স্বাভাবিক করেছি। স্থানীয়দের দাবিটি উর্ধতন স্যারদের জানাবো। আশা করি, সমাধান হবে। দুর্ঘটনার ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/12/03/bangladesh/newsid-14594/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ৩০-০৫-২০২৬, ০৭:৩৮ অপরাহ্ণ