রাজশাহীর পদ্মার চরাঞ্চলে অভিযান চালিয়ে ৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৯ নভেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনে রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান এ তথ্য জানান।
পুলিশ জানায়, কুষ্টিয়া, পাবনা, নাটোর ও রাজশাহী চার জেলার দুর্গম বিস্তীর্ণ পদ্মার চরে র্যাব ও এপিবিএনকে নিয়ে তাদের অভিযান শুরু হয়। অভিযানটির নাম দেওয়া হয় ‘অপারেশন ফাস্ট লাইট’। আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় এক হাজার ২০০ সদস্য এ অভিযানে অংশ নিয়েছেন। সাড়াশি অভিযান চালিয়ে ওই অঞ্চলের আলোচিত কাঁকন বাহিনীর ৫৮ জনকে গ্রেফতার করা হয়। এ সময় ৫টি বিদেশি আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার হয়েছে।
সংবাদ সম্মেলনে রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামীতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
এর আগে গত ২৭ অক্টোবর পদ্মার চরে খড় দখল নিয়ে দ্বন্দে্বর জেরে গোলাগুলি ও সংঘর্ষ হয়। এতে দুজন নিহত হন। এরপর থানায় মামলা হয়।