বাংলাদেশবেলা
প্রকাশিত: ০৬ নভেম্বর, ২০২৫, ০৫:১৬ অপরাহ্ণ

রাজশাহীতে আশা বিশ্ববিদ্যালয় করার প্রস্তাব

লেখক: রাজশাহী প্রতিনিধি

রাজশাহীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে বেসরকারি সংস্থা (এনজিও) আশা। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে নগরীর শালবাগান এলাকায় সমাজসেবা কমপ্লেক্সের কনফারেন্স রুমে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় রাজশাহীতে বিশ্ববিদ্যালয় বা আইটি বেজ বিশ্ববিদ্যালয় করার প্রস্তাব দেন সাংবাদিকরা।

এতে প্রধান অতিথি ছিলেন— রাজশাহীর সিনিয়র সহকারী কমিশনার (এসএ শাখা ও মিডিয়া সেল) এসএম রকিবুল হাসান। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সভাপতি মুহা. আব্দুল আউয়াল এবং আশার কেন্দ্রীয় কার্যালয়ের ডেপুটি ডিরেক্টর (প্রোগ্রাম) সোহায়েল আহমেদ। সভাপতিত্ব করেন আশার ডিভিশনাল ম্যানেজার রফিকুল ইসলাম।

এ সময় আশার কর্মকর্তারা জানান, ১৯৭৮ সালের মার্চ মাসে মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার টেপরা এলাকায় প্রয়াত মো. সফিকুল হক চৌধুরী আশা প্রতিষ্ঠা করেন। বর্তমানে দেশের ৬৪ জেলায় ৩ হাজার ৭৩টি আশার ব্রাঞ্চ অফিস রয়েছে, এরমধ্যে রাজশাহী বিভাগে ২২৬টি। আর দেশে গ্রাহক সংখ্যা ৭১ লাখ। আশায় কর্মী রয়েছেন প্রায় ২৬ হাজার।

তারা বলেন, আশা শুধু ক্ষুদ্র ঋণ কার্যক্রম করে না, সামাজিক সেবামূলক নানা কার্যক্রম পরিচালনা করে। শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে চলমান রয়েছে নানা কার্যক্রম। আমাদের লক্ষ্য দারিদ্র বিমোচন করা। আশার সুফল ভোগ করছে দেশের ৭১ লাখ পরিবার। শুধুমাত্র বাংলাদেশ নয়, বিশ্বের ১৩টি দেশে কার্যক্রম চলছে এ সংস্থার। বিশ্ববিদ্যালয় ও ম্যাটসে গরিব মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির মাধ্যমে লেখাপড়ার সুযোগ রয়েছে।

আশার কর্মকর্তারা আরও জানান, আশা পরিচালিত দেশের ৮১টি সেবাকেন্দ্রে স্বাস্থ্য সেবা পাওয়া যায়। রাজশাহী বিভাগে রয়েছে ৫টি এবং জেলায় একটি রয়েছে। ফিজিওথেরাপি সেন্টার সারাদেশে রয়েছে ৪৪টি। এরমধ্যে রাজশাহী বিভাগে দুটি ও জেলায় একটি। ওষুধপত্র প্রদান ও পরীক্ষা-নিরীক্ষা করা হয়। সদস্যরা কেউ জটিল রোগাক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিলে তার খরচের ব্যয় বহন করা হয়। তবে ২ বছর লেনদেনের মেয়াদ হলে মোট খরচের ৪ ভাগের এক ভাগ, ৪ বছর হলে মোট খরচের ৫০ অর্ধেক এবং ৮ বছর বা তদুর্ধ সময় লেনদেন করা হলে ওই গ্রাহকের চিকিৎসায় পুরো খরচ বহন করা হয়। আশা পরিচালিত সারাদেশে ১৫ হাজার ৫৮৫টি শিক্ষাকেন্দ্র রয়েছে। রাজশাহী বিভাগে ১ হাজার ৬৯টি ও জেলায় রয়েছে ৩৪৫টি। সিএসআর থেকে নানা ধরণের সেবামূলক কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান আশার কর্মকর্তারা।

এ সময় এক সাংবাদিক রাজশাহীতে আশার পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় এবং আরেক সাংবাদিক আইটি বেজ বিশ্ববিদ্যালয় করার প্রস্তাব দেন। উত্তরে আশার কেন্দ্রীয় কার্যালয়ের ডেপুটি ডিরেক্টর (প্রোগ্রাম) সোহায়েল আহমেদ বলেন, প্রস্তাবটি খুবই পছন্দ হয়েছে। আমরা প্রধান কার্যালয়ে আলোচনা করবো। তবে গত সরকারের করা একটি আইনে সমস্যা রয়েছে। আইটি রদ করা গেলে আমরা স্থায়ীভাবে এগুলো করতে পারবো। ঢাকার আশুলিয়ায় আমাদের নিজস্ব বিশ্ববিদ্যালয় ক্যম্পাস রয়েছে, সেটির স্যাটেলাইট কেন্দ্র রাজশাহীতে করার প্রস্তাব দেব।

এ মতবিনিময় সভায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব ও আরইউজের সাধারণ সম্পাদক ড. সাদিকুল ইসলাম স্বপন, আরইউজের সাবেক সহ সভাপতি আব্দুস সবুর, সিনিয়র সাংবাদিক সরকার শরিফুল ইসলাম, এনটিভির সিনিয়র রিপোর্টার শ ম সাজু, দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার আনিসুজ্জামান, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক মানবজমিনের প্রতিনিধি ডালিম হোসেন শান্ত, ডেইলি সিটিজেন ভয়েস-এর বার্তা সম্পাদক এবং বাংলাবাজার পত্রিকা ও ঢাকা মেইল-এর রাজশাহী প্রতিনিধি মো. আমানুল্লাহ আমান, দ্য নিউ এইজ-এর রাজশাহী প্রতিনিধি মো. সুজন, এটিএন নিউজের রিপোর্টার বুলবুল হাবিব, একুশে টেলিভিশনের বদরুল হাসান লিটন, আজকের পত্রিকার রিমন রহমান, মাইটিভির রিপোর্টার শাহরিয়ার অন্তু ও প্রকাশকালের রাজিব রাতুলসহ রাজশাহীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/11/06/bangladesh/newsid-13385/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ১৮-০৪-২০২৬, ১০:৩০ অপরাহ্ণ