বাংলাদেশবেলা
প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৫, ০৮:২১ পূর্বাহ্ণ

রাজশাহীতে বাসচাপায় দুজন নিহত

লেখক: রাজশাহী প্রতিনিধি
রাজশাহীতে বাসের চাপায় দুজন নিহত হয়েছেন। বুধবার (২২ অক্টোবর) দুপুরে নগরীর সিটিহাট এলাকার বিদ্যুৎ অফিসের সামনে এ ঘটনা ঘটে। শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমা মোস্তারিন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের ব্যবসায়ী আজিজুর রহমান পাভেল (৪০) ও সাইপ্রাস প্রবাসী সইবুর রহমান (৪৫)। তাদের দুজনের বাসা চাঁপাইনবাবগঞ্জ শহরের ফকিরপাড়া এলাকায়।
নিহত পাভেলের স্বজনরা জানান, প্রবাসী সইবুর গত ৬ অক্টোবর দেশে ফিরেছিলেন। এরপর মোটরসাইকেল কেনার জন্য তারা একসঙ্গে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেন। দুপুর ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে বের হয়ে সিটিহাট এলাকায় পৌঁছালে দুর্ঘটনার শিকার হন। একজন ঘটনাস্থলেই মারা যান। আরেক জনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

শাহ মখদুম থানার ওসি মাসুমা মোস্তারিন বলেন, সিটিহাট এলাকায় যানজট থাকায় তারা উল্টো দিকে (রং সাইডে) ঢুকে পড়েন। এ সময় রাজশাহীর দিক থেকে আসা গ্রামীণ ট্রাভেলসের একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পাভেল মারা যান এবং হাসপাতালে নেওয়ার পথে সইবুর রহমানের মৃত্যু হয়।

ওসি আরও বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।  দুর্ঘটনার পর বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছিল। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/10/23/bangladesh/newsid-13055/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ১৩-০৬-২০২৬, ০২:৪৯ অপরাহ্ণ