রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পদ্মা নদীতে নৌকা ডুবে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও দু’জন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার প্রেমতলী এলাকায় এ ঘটনা ঘটে।
প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাকসুদুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃতের নাম জিতেন মণ্ডল (৬০)। তার বাড়ি উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামে। নিখোঁজ অপর দু’জন হলেন- ফরাদপুর গ্রামের দীলিপ (৩২) ও ডুমুরিয়া গ্রামের হরেন সাহা (৬৫)।
স্থানীয়রা জানান, সকালে প্রেমতলী পালপাড়া এলাকার কানাই কর্মকার (৭০) মারা গেলে তার মরদেহ সমাহিত করার জন্য পদ্মা নদীর মাঝচরে নেওয়া হয়। এরপর একটি নৌকায় ২০-২৫ জন আত্মীয়-স্বজন নদী পার হয়ে মরদেহ সমাহিত করার জন্য যাচ্ছিলেন।
এ সময় স্রোতের তোড়ে নৌকাটি ডুবে যায়। বাকি সবাই সাঁতরে পারে উঠলেও তিনজন নিখোঁজ হন। পরে স্থানীয়রা জিতেন মণ্ডলকে উদ্ধার করে প্রেমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাকসুদুর রহমান বলেন, নৌকা ডুবে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ দু’জনকে উদ্ধারের চেষ্টা চলছে।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.bangladeshbela.com/2025/09/27/bangladesh/newsid-12335/© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ০৯-০৫-২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ণ