লালন সম্রাজ্ঞী খ্যাত বরেণ্য সংগীতশিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে নাটোর জেলা সাংবাদিক সমিতি, (নাজেসাস) ঢাকা।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে এক বার্তায় এই শোক জানান নাটোর জেলা সাংবাদিক সমিতি ঢাকার সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক মো. শামছুল ইসলাম।
শোক বার্তায় নাজেসাস নেতারা বলেন, লালনকন্যা হিসেবে পরিচিত ফরিদা পারভীন নজরুলগীতি, দেশাত্মবোধক নানা ধরনের গান করলেও শিল্পীজীবনে পরিচিতি ও জনপ্রিয়তা পেয়েছেন মূলত লালন সাঁইয়ের গান গেয়ে। লালন সংগীতসহ বাংলা লোকসংগীতকে দেশ-বিদেশে পরিচিত করতে ফরিদা পারভীনের অবদান অপরিসীম।
তারা আরও বলেন, ফরিদা পারভীনের অসাধারণ কণ্ঠে লালন গীতি কেবল সংগীতের মাধুর্যই নয়, মানবতা, সাম্য, ভালোবাসা ও সত্যের বাণী হিসেবে মানুষের অন্তরে গভীরভাবে অনুরণিত হয়েছে। তার কণ্ঠে লালনের গান বিশ্বব্যাপী বাঙালি সংস্কৃতির গৌরব বৃদ্ধি করেছে। তার মৃত্যুতে দেশ এক অনন্য সংগীতশিল্পীকে হারালো।
মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান নাটোর জেলা সাংবাদিক সমিতি ঢাকার সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক মো. শামছুল ইসলাম।
প্রসঙ্গত, শনিবার রাতে ফরিদা পারভীন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এর আগে ফরিদা পারভীন ১৯৫৪ খ্রিষ্টাব্দের ৩১ ডিসেম্বর নাটোর জেলার সিংড়া থানার কলম ইউনিয়নের শাঔঁল গ্রামে জন্মগ্রহণ করেন। ফরিদা পারভীনের বাবা দেলোয়ার হোসেন পেশায় ছিলেন সাধারণ চিকিৎসক। মা রৌফা বেগম।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.bangladeshbela.com/2025/09/14/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/newsid-12057/© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ১৩-০৬-২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ণ