বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা প্রকাশ্যে এসেছে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের মাধ্যমে। ইসলামী ছাত্রী সংস্থার উদ্যোগে বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের সামনে এক দিনব্যাপী অস্থায়ী ফ্রি মেডিকেল সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে চলমান ইসলামী ছাত্রী সংস্থার ৪র্থ কমিটি, তবে এই প্রথমবার প্রকাশ্যে আসলেন তারা। নারীদের জন্য ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে তারা।
ক্যাম্পে নারী শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এর মধ্যে রয়েছে ফ্রি ওষুধ বিতরণ, রক্তচাপ ও ব্লাড সুগার পরীক্ষা, ওজন ও উচ্চতা (BMI) পরিমাপ, ব্লাড গ্রুপ নির্ণয় এবং গাইনি সম্পর্কিত পরামর্শ। এছাড়া মাসিক সমস্যা, হরমোন ও জন্মনিয়ন্ত্রণ সংক্রান্ত পরামর্শ এবং মানসিক স্বাস্থ্য কাউন্সেলিং সেবা দেওয়া হয়।
সেবা গ্রহণকারী শিক্ষার্থী লিজা আক্তার বলেন, “অন্যান্য রাজনৈতিক সংগঠনের মতো বিব্রতকর কাজ না করে, ইসলামী ছাত্রী সংস্থা মেডিকেল সেবার মাধ্যমে তাদের কার্যক্রম শুরু করেছে। আশা করি ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।”
ইসলামী ছাত্রী সংস্থার ববি শাখার সেক্রেটারি জাকিয়া শারমিন বলেন, “আজকের ক্যাম্পের মাধ্যমে আমাদের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে। মুসলিম শিক্ষার্থীদের পাশাপাশি অন্যান্য ধর্মের শিক্ষার্থীরাও আমাদের সেবা গ্রহণ করেছেন। প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পেয়েছি।”
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়টিতে গত বছর ১১ আগস্ট থেকে সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছে। বিশ্ববিদ্যালয়ের (ববি) ৮৫ তম সিন্ডিকেট সভায় ক্যাম্পাসে ছাত্র সংগঠন ও সকল পেশাজীবী সংগঠনের রাজনৈতিক কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়। তবে ছাত্রসংগঠনগুলল এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.bangladeshbela.com/2025/08/21/education/newsid-11001/© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২১-০৪-২০২৬, ০১:০১ অপরাহ্ণ