দীর্ঘ ২৮ বছর পর পাকিস্তানের মাঠে হতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বৈশ্বিক কোনো টুর্নামেন্ট। সবশেষ ১৯৯৬ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে সহ আয়োজক ছিল পাকিস্তান। সব কিছু ঠিক থাকলে ১৯ ফেব্রুয়ারি মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ৯ মার্চ ফাইনালের মধ্য দিয়ে আসরের পর্দা নামবে। আট দলের এই ওয়ানডে টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগে রোহিত শর্মা ও বিরাট কোহলির অফফর্মে ভাবাচ্ছে ভারতকে। তবে কোচ গৌতম গম্ভীর বিশ্বাস করেন, আসন্ন প্রতিযোগিতায় দুজনরেই বিশাল ভূমিকা থাকবে।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। টুর্নামেন্টের শুরু থেকে দুর্দান্ত পারফর্ম করেছিলেন রোহিত। ছন্দহীন ছিলেন বিরাট। কিন্তু ফাইনালের মঞ্চে রোহিত রান না পেলেও জ্বলে উঠেছিল কোহলির ব্যাট। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিরাট-রোহিতের ফর্ম নিয়ে বিচলিত নন হেড কোচ গৌতম গম্ভীর। বলছেন, ‘দু-জনই গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। ওরা দেশের জার্সিতে বাড়তি খিদে নিয়েই নামে। আবেগ দিয়ে খেলে।’
ওয়ানডে ফরম্যাটে ভারতের শেষ বড় টুর্নামেন্ট ছিল ২০২৩ সালের বিশ্বকাপ। ঘরের মাঠে টানা দশ ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল ভারতীয় দল। ট্রফি আসেনি। চ্যাম্পিয়ন্স ট্রফি আরও কঠিন ফরম্যাট।
গম্ভীর বলেন, ‘বিশ্বকাপের থেকে এই টুর্নামেন্ট আরও চ্য়ালেঞ্জের। এখানে প্রতিটি ম্যাচই নকআউট। ভুল করলে ঘুরে দাঁড়ানোর সুযোগ নেই। আশা করি আমরা শুরুটা ভালো করতে পারব। ট্রফি জিততে হলে, পাঁচটি ম্যাচই জিততে হবে। আমার কাছেই শুধু নয়, টিম ইন্ডিয়ার ড্রেসিং রুমে বিরাট-রোহিতের উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ।’
২৩ ফেব্রুয়ারি দুবাইতে হবে ভারত ও পাকিস্তানের ম্যাচ। চিরাচরিতভাবে এই ম্যাচ নিয়ে উত্তেজনা কাজ করছে সবার মনে। তবে এই একটি ম্যাচকেই সর্বেসরা ভাবছেন না সাবেক ওপেনার, ‘দেখুন, ২৩ তারিখের ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এটা ভেবে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছি না। আমি মনে করি পাঁচটি ম্যাচই গুরুত্বপূর্ণ। দুবাইয়ে আমরা শিরোপা জয়ের মিশন নিয়ে যাচ্ছি, শুধু নির্দিষ্ট ম্যাচ জেতার জন্য নয়।’
‘কিন্তু হ্যাঁ, চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার জন্য এই ম্যাচটা গুরুত্বপূর্ণ মাধ্যম, তাই আমরা যথাসম্ভব গুরুত্ব দিবো এটাকে। আরও গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, আমার মনে হয় যখন দুই দেশ ভারত ও পাকিস্তান একে অন্যের সঙ্গে খেলে, তখন অবশ্যই আবেগ অনেক উঁচুতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা থাকবে একই রকম।’
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.bangladeshbela.com/2025/02/02/sports/newsid-1076/© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৬-০৬-২০২৬, ০৯:২৮ অপরাহ্ণ