বাংলাদেশবেলা
প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৫, ০৯:৩৮ পূর্বাহ্ণ

বাংলা সিনেমার উন্নতিতে ১০০টি প্রেক্ষাগৃহ করবেন প্রসেনজিৎ!

লেখক: বাংলাদেশবেলা ডেস্ক

বাংলা সিনেমার উন্নতির লক্ষ্যে এক বিশাল পদক্ষেপ নিতে চলেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা, প্রযোজক এবং পরিচালক প্রসেনজিৎ চ্যাটার্জি। তিনি সারা পশ্চিমবঙ্গে ১০০টি ‘মাইক্রো ফরম্যাট’ প্রেক্ষাগৃহ নির্মাণের পরিকল্পনা করছেন।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, শ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন, যা ভারতের বিনোদন জগতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

মমতা জানিয়েছেন, এই পরিকল্পনা কেবল পশ্চিমবঙ্গের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বরং এটি জাতীয় স্তরে বাস্তবায়িত হবে। এর মাধ্যমে বিনোদন জগত যেমন উপকৃত হবে। তেমনি বহু মানুষের কর্মসংস্থানও তৈরি হবে।

প্রতিবেদনে আরও বলা হয়, প্রতিটি প্রেক্ষাগৃহে ৪০-৫০ জন দর্শক বসার ব্যবস্থা থাকবে এবং এগুলো শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত নির্মিত হবে। এর ফলে সব ধরনের চলচ্চিত্র সকল শ্রেণির দর্শকেদর কাছে সহজেই পৌঁছে যাবে।

ইন্ডাস্ট্রির স্বার্থে প্রসেনজিতের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকেই। কলকাতার নবীনা প্রেক্ষাগৃহের মালিক নবীন চৌখানি বলেন, ‘সিঙ্গেল স্ক্রিন হলের সংখ্যা কমে যাওয়ায় অনেক দিন ধরেই আলোচনা চলছিল এই সংখ্যা বাড়ানোর বিষয়ে। বুম্বাদা (প্রসেনজিৎ) অবশেষে তা বাস্তবে রূপ দিতে চলেছেন, যা খুবই আনন্দের।’

জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক অঙ্কুশ হাজরা প্রসেনজিতের এই সাহসী পদক্ষেপের প্রশংসা করেছেন। তার কথায়, ‘আমরা কেবল পরিকল্পনা করি কিন্তু অনেক সময় তা বাস্তবায়ন করতে পারি না। বুম্বাদা করে দেখাচ্ছেন।’

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/07/28/entertainment/newsid-10172/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২২-০৪-২০২৬, ০৭:০৬ অপরাহ্ণ