বাংলাদেশবেলা
প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৫, ০৩:৫৮ অপরাহ্ণ

‘ওহিদুর বাহিনীর’ অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা ওহিদুর রহমান আর নেই

লেখক: নওগাঁ প্রতিনিধি

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ওহিদুর বাহিনীর অধিনায়ক ওহিদুর রহমান আর নেই। শনিবার সকাল ১০টার দিকে ঢাকার আগারগাঁও জাতীয় নিউরো সায়েন্স হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

ওহিদুর বাহিনীর বীর মুক্তিযোদ্ধা হাসানুজ্জামান ভুলু এই তথ্য নিশ্চিত করেছেন। বেশ কয়েক বছর ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন সাবেক এই এমপি ওহিদুর রহমান।

তার বয়স হয়েছিল ৮৬ বছর। তার জানাজার নামাজ শনিবার এশার নামাজের পর নওগাঁ নওজোয়ান মাঠে এবং রবিবার সকাল ১০টায় আত্রাই উপজেলার রসুলপুর গ্রামে তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।

মুক্তিযুদ্ধে নওগাঁ, রাজশাহী ও নাটোরের বিস্তৃত এক অঞ্চলজুড়ে দুই হাজারেরও বেশি মুক্তিযোদ্ধা নিয়ে বিশাল এক বাহিনী গঠন করেছিলেন সাবেক এমপি ওহিদুর রহমান।

ওহিদুর রাহমান ছাত্রজীবনে বাম রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ১৯৬৭-৬৮ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের মেনন গ্রুপের সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ছিলেন। তার নেতৃত্বে গড়ে ওঠা বাহিনীটি পরবর্তীকালে ওহিদুর বাহিনী নামে পরিচিতি পায়।

ওহিদুর বাহিনী রাজশাহী, নাটোর ও নওগাঁ এলাকার নয়টি থানাজুড়ে পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে সাফল্যের সঙ্গে প্রতিরোধ গড়ে তোলে। মুক্তিযুদ্ধের সময় ওহিদুর বাহিনীর চলাচল ছিল জল ও স্থলপথে।

রাজশাহী নওগাঁর মানুষ তার নৌকার বহরকে বলতো ‘ওহিদুরের বায়ান্ন ডিঙ্গি’। মুক্তিযুদ্ধের ৬ সেপ্টেম্বর আত্রাইয়ের সাহাগোলা ব্রিজ ধ্বংস করেছিলেন ওহিদুর বাহিনীর মুক্তিযোদ্ধারা। সেই অপারেশনে ১০৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়। ১৯ সেপ্টেম্বর আত্রাইয়ের তারানগর বাউল্লায় পাকিস্তানি বাহিনীর একটি নৌকার বহরে অতর্কিত আক্রমণ চালিয়ে ১৫০ পাকিস্তানি সেনাকে হত্যা করেছিল ওহিদুর বাহিনীর মুক্তিযোদ্ধারা।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/07/26/bangladesh/newsid-10081/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৯-০৭-২০২৬, ০৭:১৩ অপরাহ্ণ