সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি)’র অস্থায়ী ক্যাম্পাস সুনামগঞ্জ জেলা সদরে স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (৫ই মার্চ) বিকেলে জেলা আইনজীবী সমিতি ভবন প্রাঙ্গণে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি) স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলন সুনামগঞ্জের আয়োজনে দেড়ঘণ্টা ব্যাপী মানববন্ধনে আইনজীবী, রাজনীতিবিদ, শিক্ষক, শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবির) স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলনের সদস্য সচিব মুনাজ্জির হোসেন সুজনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, যুগ্ম আহ্বায়ক, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. রবিউল লেইস রোকেস, প্রফেসর সৈয়দ মহিবুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাড. মল্লিক মঈনুদ্দিন সোহেল, সাবেক সিভিল সার্জন ডা. সৈয়দ মনোয়ার আলী, জেলা জামায়েতের নায়েবে আমীর অ্যাড. শামসুদ্দিন আহমদ, জেলা সিপিবির সাবেক সভাপতি চিত্ত রঞ্জন তালুকদার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস জেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে শান্তিগঞ্জ উপজেলার ৪টি স্থানে করা হয়েছে। টেক্সটাইল ইনস্টিউট, একটি কলেজ, একটি মাদ্রাসায় করা ক্যাম্পাসে বেশির ভাগ শিক্ষার্থী সুনামগঞ্জ শহর থেকে ওখানে যাতায়াত করে।
কয়েকজন ছাত্রীর আবাসনের ব্যবস্থা করা হয়েছে সাবেক পরিকল্পনা মন্ত্রীর বাড়িতে। শহর থেকে ওখানে যাতায়াত করা যেমন কষ্টসাধ্য, তেমনি অনিরাপদ মন্তব্য করে বক্তারা বলেন, জেলা সদরে বিশাল ক্যাম্পাস, শিক্ষক, শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা করার উপযোগী অবকাঠামো থাকার পরও ওখানে ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের থাকতে বাধ্য করা হচ্ছে। যা মোঠেই ভালো দেখায় না।
আর্থিকভাবে অস্বচ্চল শিক্ষার্থীরা ওখানে টিউশনি করতে চাইলেও পাচ্ছে না। একারণে বিক্ষুব্ধ নাগরিক সমাজ, শিক্ষার্থীসহ সকলে মানববন্ধনে দাঁড়িয়েছেন। মানববন্ধন থেকে অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস সুনামগঞ্জ সদরে স্থানান্তরের দাবি জানানো হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।